সুব্রত ঘোষ, বগুড়া ব্যুরো: বগুড়ায় ২০২৬ সালের বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকালে বগুড়া সদর খাদ্য গুদাম চত্বরে ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া–৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। জেলা প্রশাসনের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাজিয়া সুলতানার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন এবং বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ।
এবার বগুড়া জেলার ১২টি উপজেলা থেকে মোট ১৭ হাজার ৭৮১ মেট্রিক টন ধান, ৭২ হাজার ৬০২ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩ হাজার ৮১১ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলাভিত্তিক ধান সংগ্রহের তালিকায় শীর্ষে রয়েছে শিবগঞ্জ (২,০১৯ মেট্রিক টন), শেরপুর (১,৯৮০ মেট্রিক টন), নন্দীগ্রাম (১,৮৪২ মেট্রিক টন) এবং কাহালু (১,৭৪৪ মেট্রিক টন)। এছাড়া জেলা সদরে ৯২৭ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের ক্রয়মূল্য ৩২ টাকা, সিদ্ধ চাল ৪৫ টাকা এবং আতপ চাল ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
ধান সংগ্রহ অভিযান আগামী ৭ মে থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে। চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে ১৫ মে থেকে।
গত বোরো ২০২৫ মৌসুমে জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হয়েছিল। সিদ্ধ চালের ক্ষেত্রে অর্জনের হার ছিল ৯৫ শতাংশ। বিগত বছরের এই সাফল্যের ধারাবাহিকতায় এবারও সঠিক তদারকির মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ।







