সুব্রত ঘোষ, বগুড়া ব্যুরোঃ জমি নিয়ে বিরোধের জেরে বগুড়ায় দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে সুমন (৩৯) এবং জামিল হোসেনের ছেলে ইয়াছিন(৩৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
এ ঘটনায় মুল অভিযুক্ত রাহাত মন্ডলকে (২১) গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সুমন ও ইয়াসিনের সঙ্গে ওই এলাকার রাহাত মন্ডলের তিন শতক জমি নিয়ে বিবাদ চলছিল। বেশ কয়েকবার স্থানীয় বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের পিটুনিতে সুমন ও জামিল গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয়। আহত সুমনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান। শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান বলেন, জমি–সংক্রান্ত বিরোধ থেকেই এ সহিংসতার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।







