প্রবীণ সাংবাদিক, দৈনিক আলোর বার্তা ও দ্য ডেইলি স্টেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য অধ্যাপক রফিক উল্লাহ সিকদার (আলো) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বিকাল সাড়ে ৫টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
গতকাল রবিবার রাতে রাজধানীর বাংলামোটর বড় মসজিদে বাদ এশা মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাতেই তাঁকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। জানাজায় তাঁর দীর্ঘদিনের সহকর্মী, বিশিষ্ট সাংবাদিক, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বহু শুভাকাঙ্ক্ষী অংশগ্রহণ করেন।
প্রবীণ ও সনামধন্য এই সাংবাদিকের প্রয়াণে দেশের গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ কর্মজীবনে তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও আলোর বার্তা ছড়াতে অনন্য ভূমিকা পালন করে গেছেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থায়ী সদস্যবৃন্দ।
দৈনিক স্বদেশ বিচিত্রার শোক প্রকাশ
প্রবীণ সাংবাদিক অধ্যাপক রফিক উল্লাহ সিকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দৈনিক স্বদেশ বিচিত্রা পরিবার। এক যৌথ শোক বার্তায় পত্রিকাটির পরিচালনা ও সংবাদকর্মী সমাজ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও পরম করুণাময়ের দরবারে স্থান প্রার্থনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন। শোকবার্তায় উল্লেখ করা হয়, তাঁর মৃত্যুতে সংবাদজগৎ একজন সৎ, নিষ্ঠাবান ও অভিজ্ঞ অভিভাবককে হারালো, যা অপূরণীয়।






