মোঃ আমজাদ হোসেন, ষ্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের পরিকল্পনা, নিরলস পরিশ্রম এবং নানা প্রতিকূলতা অতিক্রম করে আগামীকাল (৪ জুলাই, শনিবার) চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা-এর উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনা-২০২৬। ইতোমধ্যে অনুষ্ঠান উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও সাংগঠনিক বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ ব্যতিক্রমী আয়োজন।
অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন পত্রিকার সহযোগী সম্পাদক মোঃ মাহবুবুল আলম। সদস্য সচিব হিসেবে রয়েছেন বিশেষ প্রতিনিধি মোঃ আব্দুল হান্নান হীরা। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন স্টাফ রিপোর্টার মোঃ আমজাদ হোসেন এবং প্রচার সম্পাদকের দায়িত্বে রয়েছেন স্টাফ রিপোর্টার মোঃ শিপন। কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিশেষ প্রতিনিধি মোঃ সোহাগ আরেফিন, ফটো জার্নালিস্ট মোঃ রেজাউল করিম নবী এবং বাঁশখালী প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম। এই কমিটির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হবে।
আজ সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। আগত প্রতিনিধিদের স্বাগত জানিয়ে প্রদান করা হবে বিশেষ উপহার। এরপর থাকবে নাস্তার আয়োজন। পরবর্তীতে দেশের অভিজ্ঞ দুইজন সাংবাদিকতা প্রশিক্ষকের পরিচালনায় শুরু হবে প্রশিক্ষণ কর্মশালা, যা চলবে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।
দুপুরে এক ঘণ্টার বিরতিতে অংশগ্রহণকারীদের জন্য থাকবে বিশেষ মধ্যাহ্নভোজের ব্যবস্থা। এরপর দুপুর ২টা থেকে শুরু হবে মূল অনুষ্ঠান। এতে প্রতিনিধিদের পরিচিতি পর্ব, গুণীজন সংবর্ধনা, প্রতিনিধিদের হাতে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্ব অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বিপিএম, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন থানা ও উপজেলার অফিসার ইনচার্জ (ওসি), প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে ইতোমধ্যে যারা নিবন্ধন সম্পন্ন করে এ আয়োজনের প্রতি আস্থা ও ভালোবাসা প্রকাশ করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে সকল নিবন্ধিত প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হচ্ছে, আজ সকাল ৯টা ৩০ মিনিটের আগেই চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল ও প্রাণবন্ত করতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন।
আয়োজকদের বিশ্বাস, সকলের আন্তরিক সহযোগিতা, সময়মতো উপস্থিতি ও অংশগ্রহণের মাধ্যমে স্বদেশ বিচিত্রা-এর চট্টগ্রাম বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনা-২০২৬ সাংবাদিক সমাজের জন্য একটি স্মরণীয় ও মাইলফলক আয়োজনে পরিণত হবে।

