, ,

পুরুষশূন্য নতুনচর বাটেরায় পানির হাহাকার ও মানবিক বিপর্যয়: ফার্নিচার-মোটর ধ্বংসের পর এমপি’র কাছে লিখিত অভিযোগ

নিউজটি শেয়ার করুন

কুমিল্লার তিতাস উপজেলার নতুনচর বাটেরায় সংঘাত-পরবর্তী সরজমিন অনুসন্ধানে গিয়ে দেখা গেছে এক বিভীষিকাময় ও হৃদয়বিদারক চিত্র।

বিনোদপুর ও আলিপুরের লোকজনের ধারাবাহিক হামলা, তাণ্ডব এবং গ্রেফতার-উৎপীড়নের ভয়ে বাটেরা নদীর পাড়ের জনপদটি এখন সম্পূর্ণ পুরুষশূন্য। কোনো পুরুষ মানুষ গ্রামে প্রবেশ করতে বা নিজ ভিটেমাটিতে অবস্থান করতে পারছেন না। ভিটেমাটি ছেড়ে স্থানীয় একটি স্কুল মাঠে আশ্রয় নেওয়া শত শত পরিবারের জীবনে যেন নেমে এসেছে এক অমাবস্যার কালো মেঘ।​নারীদের করুণ দশা ও সুপেয় পানির তীব্র সংকট সরজমিন পরিদর্শনে সবচেয়ে মারাত্মক যে সংকটটি চোখে পড়ে, তা হলো খাবার পানির চরম অভাব। হামলাকারীরা তাণ্ডব চালিয়ে এলাকার প্রতিটি বাড়ির সুপেয় পানির মোটর ও পানির ট্যাংক ভেঙে চুরমার করে দিয়েছে অথবা খুলে নিয়ে গেছে। ফলে পুরো এলাকায় এক ফোঁটা বিশুদ্ধ পানির কোনো উৎস অবশিষ্ট নেই। পুরুষরা পালিয়ে বেড়াচ্ছে, আর নারী, শিশু ও বৃদ্ধরা অনাহারে- অর্ধাহারে দিন কাটাচ্ছেন। খালি পাতিল ও থালা হাতে আশ্রিত নারীদের কান্না ও করুণ আহাজারি পুরো এলাকার পরিবেশ ভারী করে তুলেছে।​ঘরের ভেতর তাণ্ডব ও আসবাবপত্র ধ্বংস কেবল সুপেয় পানির সরঞ্জামই নয়, তাণ্ডবকারীরা বাটেরা নদীর পাড়ের প্রতিটি বাড়িতে ঢুকে তাণ্ডব চালিয়েছে। প্রতিটি ঘরের ভেতরের মূল্যবান ফার্নিচার, শোকেস, টিভি ও গৃহস্থালি আসবাবপত্র ভেঙে চুরমার করে ফেলা হয়েছে। ফলে ঘরে ফেরার পরিবেশটুকুও আর অবশিষ্ট নেই।
​
​স্টিলের নৌকা ছিনতাই: বাটেরার এক বাসিন্দার প্রায় ৭,০০,০০০ (সাত লাখ) টাকা মূল্যের স্টিলবডি নৌকা জোরপূর্বক ছিনতাই করে মাত্র ১,৮০,০০০ টাকায় বিক্রি করে দেওয়া হয়। পরবর্তীতে মূল মালিক ৩,০০,০০০ (তিন লাখ) টাকা খরচ করে তা উদ্ধার করতে বাধ্য হন।
​কাঠের নৌকা চুরি: গত ১৮ আগস্ট কচুরিপানার নিচে লুকিয়ে রাখা ১,৫০,০০০ (এক লাখ ৫০ হাজার) টাকা মূল্যের ৫টি কাঠের নৌকা লুট করে নেওয়া হয়েছে।
​সরকারি রড আত্মসাৎ: স্থানীয় কবরস্থানের সার্বিক উন্নয়নের জন্য স্থানীয় সংসদ সদস্যের বরাদ্দকৃত ৩ টন রড আত্মসাৎ করা হয়েছে।
​ফার্নিচার ও মোটর ধ্বংস: সুপেয় পানির মোটর, পানির ট্যাংক এবং ঘরবাড়ির ভেতরের যাবতীয় আসবাবপত্র ভেঙে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।
​এমপি মহোদয়ের কাছে লিখিত অভিযোগ ও আশু হস্তক্ষেপের দাবি
গ্রামের স্থানীয় প্রধানদের দ্বারে দ্বারে ঘুরে কোনো বিচার না পেয়ে নতুনচর বাটেরার ভুক্তভোগী জনগণ সম্প্রতি কুমিল্লা-২ আসনের মাননীয় সংসদ সদস্যের নিকট একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
​স্কুল মাঠে মানবেতর জীবনযাপন করা গৃহহারা মানুষগুলো মাননীয় সংসদ সদস্যের নিকট আকুল আবেদন জানিয়েছেন যেন অনতিবিলম্বে এলাকায় খাবার পানি ও খাদ্য সহায়তা পৌঁছানো হয়, পুরুষদের গ্রামে ফেরার মতো নিরাপদ আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করা হয়, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয় এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার করে তাদেরকে এই দুর্বিষহ জীবন থেকে রক্ষা করা হয়।