, ,

পার্বতীপুরে ভাঙাড়ির দোকানে ১১৪ কেজি চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার, গ্রেপ্তার ১

নিউজটি শেয়ার করুন

নম্বরবিহীন মোটরসাইকেলও জব্দ; একই দোকান ঘিরে আগের ঘটনাও নতুন প্রশ্ন তুলছে  দিনাজপুরের পার্বতীপুর পৌর শহরের একটি ভাঙাড়ির দোকানে অভিযান চালিয়ে ১১৪ কেজি চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, উদ্ধার করা তারগুলো রংপুরের বদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি করা হয়েছে। এ ঘটনায় চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে হৃদয় (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে একটি নম্বরবিহীন মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ, বদরগঞ্জ থানা পুলিশ ও পার্বতীপুর মডেল থানা পুলিশের যৌথ সহযোগিতায় পার্বতীপুর পৌর শহরের আমিরগঞ্জ এলাকায় মাসুদ পারভেজের ভাঙাড়ির দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরির ঘটনায় দায়ের হওয়া মামলা ও অভিযোগের তদন্ত করতে গিয়ে চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িতদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। পরে হৃদয়কে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পার্বতীপুরের আমিরগঞ্জ এলাকায় ওই ভাঙাড়ির দোকানে অভিযান চালানো হয়।
অভিযানে দোকান থেকে ১১৪ কেজি বৈদ্যুতিক তার এবং একটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার করা তারগুলোর একটি অংশ রংপুরে পরিচালিত একটি বেসরকারি বিদেশি কোম্পানির স্থাপনা থেকে চুরি হয়ে থাকতে পারে। তবে উদ্ধার করা তারগুলোর প্রকৃত উৎস, মালিকানা এবং কোথা থেকে কীভাবে সেগুলো সংগ্রহ করা হয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।
স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন
স্থানীয়দের অভিযোগ, পার্বতীপুর শহর ও আশপাশের কয়েকটি ভাঙাড়ির দোকানে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সন্দেহজনক ও চোরাই মালামাল কেনাবেচার অভিযোগ রয়েছে। এসব দোকানে চোরাই বৈদ্যুতিক তার, লোহা ও অন্যান্য ধাতব সামগ্রী কীভাবে আসে এবং কারা এসব মালামাল সংগ্রহ ও ক্রয় করে—তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন রয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, আমিরগঞ্জ এলাকার মাসুদ পারভেজের ভাঙাড়ির দোকানকে ঘিরে এর আগেও চোরাই বা সন্দেহজনক মালামাল উদ্ধারের অভিযোগ উঠেছিল। ফলে সাম্প্রতিক সময়ে ১১৪ কেজি বৈদ্যুতিক তার উদ্ধারের ঘটনায় দোকানটিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
অভিযোগের বিষয়ে ভাঙাড়ি ব্যবসায়ী মাসুদ পারভেজের মোবাইল ফোন নম্বর ০১৭১২৬৪৪১৩৯-এ যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আগে মিলেছিল নিখোঁজ ট্রাক সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর আগে ২০২৫ সালের ২৩ জুলাই নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ হওয়া একটি ট্রাক—যার নম্বর ঢাকা মেট্রো-ট-১৫-৭৫০২—পার্বতীপুরে স্থানীয় ভাঙাড়ি ব্যবসায়ী মাসুদ পারভেজের ভাঙাড়ির দোকানে পাওয়া গিয়েছিল বলে অভিযোগ রয়েছে।
একই ভাঙাড়ির দোকানকে ঘিরে পৃথক সময়ে চোরাই বা সন্দেহজনক মালামাল উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—পার্বতীপুরে চোরাই মালামাল সংগ্রহ, পরিবহন ও বিক্রির সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে কি না।
বৃহত্তর চক্রের সন্ধানে তদন্ত
এদিকে শুধু একজনকে গ্রেপ্তার করেই তদন্ত সীমাবদ্ধ না রেখে চোরাই বৈদ্যুতিক তারের মূল উৎস, সরবরাহকারী, পরিবহনকারী, ক্রেতা ও বিক্রেতাদের শনাক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
তাদের মতে, বিপুল পরিমাণ চোরাই বৈদ্যুতিক তার সংগ্রহ ও বিক্রির পেছনে সংঘবদ্ধ একটি চক্র থাকতে পারে। কারণ চুরি হওয়া মালামাল সংগ্রহ থেকে শুরু করে পরিবহন এবং শেষ পর্যন্ত বিক্রির জন্য একাধিক ব্যক্তির সম্পৃক্ততা থাকার সম্ভাবনা রয়েছে।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার জানান, এ ঘটনায় বদরগঞ্জ থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।
বাড়ছে বৈদ্যুতিক তার চুরি নিয়ে উদ্বেগ ।
উল্লেখ্য, পার্বতীপুর এলাকায় এর আগেও বৈদ্যুতিক তার চুরির ঘটনা সংবাদে এসেছে। ২০২৫ সালে পার্বতীপুর-সৈয়দপুর ৩৩ হাজার ভোল্টেজের সঞ্চালন লাইনের প্রায় ১৭ কিলোমিটার তার চুরির খবর প্রকাশিত হয়েছিল।
ফলে নতুন করে ১১৪ কেজি বৈদ্যুতিক তার উদ্ধারের ঘটনায় এলাকায় বিদ্যুৎ ও বৈদ্যুতিক সামগ্রী চুরি এবং চোরাই মালামাল কেনাবেচার বিষয়টি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। তদন্তের মাধ্যমে এই চোরাই তারের উৎস এবং এর সঙ্গে জড়িত পুরো চক্রের সদস্যদের শনাক্ত করা সম্ভব হবে কি না—এখন সেটিই দেখার বিষয়।