, ,

পটুয়াখালীতে ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে মাদকবিরোধী গণসচেতনতা সভা

নিউজটি শেয়ার করুন

পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী গণসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২২ অক্টোবর রাত ৮টায় তাফাল বাড়িয়া বাজারে ৫ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, অভিভাবক, গ্রাম প্রতিরক্ষা সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় স্থানীয়রা বলেন, মাদকের বিস্তারে সমাজের স্বাভাবিক পরিবেশ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। মাদকসেবীদের কারণে এলাকায় বিভিন্ন সময় অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। সমাজ থেকে মাদকসেবী ও মাদক কারবারিদের প্রতিরোধ করতে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন তারা।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন ওসি

সভায় বক্তব্যে পটুয়াখালী সদর থানার ওসি মো: মনিরুজ্জামান বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং বিগত সময়ের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছে।

তিনি উপস্থিত এলাকাবাসী ও অভিভাবকদের মাদকের ভয়াবহতা ও মাদক সেবনের ক্ষতিকর প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন করেন। সন্তানদের প্রতি অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

ওসি মো: মনিরুজ্জামান বলেন, “প্রশাসন আপনাদের পাশে আছে। আপনারা আমাদের সহযোগিতা করুন, আমরা সবাই মিলে একটি মাদকমুক্ত ও সুন্দর সমাজ গড়ে তুলব।”

এ সময় মৌকরন ইউনিয়নের বিট পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত সদস্যকে এলাকাবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। ওসি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে পটুয়াখালী সদর থানা পুলিশ ও জেলা পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে। জনগণের সেবায় পুলিশ ২৪ ঘণ্টা নিয়োজিত রয়েছে বলেও তিনি জানান।

তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান

ওসি মো: মনিরুজ্জামান স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে একটি আইনশৃঙ্খলা কমিটি গঠন করে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। একই সঙ্গে এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য থাকলে তা পটুয়াখালী সদর থানা পুলিশ বা জেলা পুলিশকে জানানোর অনুরোধ করেন।

তিনি বলেন, “মাদকসেবী ও মাদক কারবারিদের বিষয়ে তথ্য দিন। প্রয়োজন হলে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।” মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি এবং একটি সুশৃঙ্খল, নিরাপদ, মাদকমুক্ত ও আধুনিক সমাজ গড়ে তুলি।”

পুলিশের উদ্যোগের প্রশংসা এলাকাবাসীর

সভায় উপস্থিত এলাকাবাসী পটুয়াখালী সদর থানা পুলিশ ও জেলা পুলিশের এমন জনসচেতনতামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখতে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।

সভায় উপস্থিত ছিলেন আবুল কালাম হক সিকদার সভাপতি মৌকরন ইউনিয়ন বিএনপি; স্টেনো আব্দুল বারী এসপি অফিস পটুয়াখালী, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত আব্দুস সোবাহান মৃধা, আবদুল আজিজ মাতুব্বর সাংগঠনিক সম্পাদক মৌকরন ইউনিয়ন বিএনপি; আব্দুর রশিদ মৃধা জেলা যুবদল পটুয়াখালী; ফারুক গাজী সভাপতি ৫ নম্বর ওয়ার্ড বিএনপি; আমেনা বেগম ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য; মিতু আক্তার গ্রাম প্রতিরক্ষা সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় বক্তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করে মৌকরন ইউনিয়নকে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।