নোয়াখালীর প্রাইম হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসা অবহেলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
মোঃ জামিল উদ্দিন
নোয়াখালীর সদর উপজেলার প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমাম হোসেন বাবু (৪২) নামের এক রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই তার মৃত্যু হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে নোয়াখালী সদর উপজেলার প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমাম হোসেন বাবুর মৃত্যু হয়। তিনি সেনবাগ উপজেলার কেশারপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামের বাসিন্দা এবং দুই সন্তানের জনক।
নিহতের স্বজনরা জানান, শারীরিক অসুস্থতা নিয়ে ইমাম হোসেন বাবুকে প্রাইম হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রয়োজনীয় চিকিৎসা ও যথাসময়ে সঠিক সেবা না পাওয়ায় তার অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলা, দায়িত্বহীনতা এবং সময়মতো যথাযথ চিকিৎসা না দেওয়ার কারণেই ইমাম হোসেন বাবুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। তারা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘটনার পর হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান সহকারী পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন, নোয়াখালী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলামসহ পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে প্রাইম হাসপাতালের পরিচালক চিকিৎসা অবহেলার অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, রোগীকে যথাযথ চিকিৎসা প্রদান করা হয়েছে এবং চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি করা হয়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।







