কিশোর সমাজকে মোবাইল ফোনের ক্ষতিকর আসক্তি ও মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে ক্রীড়ামুখী করার লক্ষ্যে এক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ মিলন মিয়া।
মঙ্গলবার স্থানীয় কিশোরদের শারীরিক গঠন ও সুস্থ বিনোদনের ব্যবস্থা হিসেবে তিনি নিজ উদ্যোগে ৬টি ফুটবল বিতরণ করেন। নতুন ফুটবল হাতে পেয়ে আনন্দের উচ্ছ্বাসে মেতে ওঠে এলাকার কিশোরেরা।
ফুটবল বিতরণকালে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ মিলন মিয়া বলেন, “বর্তমান সময়ে কিশোর-যুবকেরা অতিরিক্ত মাত্রায় মোবাইল গেম ও প্রযুক্তির অপব্যবহারে আসক্ত হয়ে পড়ছে, যা তাদের মানসিক ও শারীরিক বিকাশে বড় বাধা। এমনকি অনেকে মাদকের মতো মারাত্মক সামাজিক অপরাধে জড়িয়ে পড়ছে। এই আসক্তি থেকে তরুণ প্রজন্মকে ফিরিয়ে আনতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ছেলেরা যাতে মোবাইল স্ক্রিনে বুঁদ হয়ে না থেকে মাঠে এসে খেলাধুলায় অংশ নেয়, সেটাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, শুধু তথ্য পরিবেশন নয়, সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাব আগামীতেও যেকোনো ইতিবাচক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবসময় পাশে থাকবে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অনলাইন প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভাপতি মিলন মিয়ার এমন সচেতনতামূলক পদক্ষেপকে ভূয়সী সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন সমাজ।







