শাহ সাহিদ উদ্দিন, দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লা দেবিদ্বার উপজেলায় অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) মো. ফয়সল উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার সুবিল ইউনিয়নের তাহের পুলিশের বাড়ির পাশের এলাকায় অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থলে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়।
স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার কারণে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং পরিবেশের ভারসাম্যও বিঘ্নিত হচ্ছিল। প্রশাসনের এ ধরনের অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, “অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটা সম্পূর্ণ বেআইনি। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযানে কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”







