বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দুই দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু হয়েছে।
অভিযান চলাকালে ক্যাম্পাসের বিভিন্ন বিভাগ, প্রশাসনিক ভবন, সংলগ্ন মেস ও আশপাশের এলাকায় জমে থাকা বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজনন ও বংশবৃদ্ধি রোধ করতে স্প্রে প্রয়োগের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সোলায়মান আলী। অভিযানে কলেজ ছাত্রদলের আহ্বায়ক পায়েলুজ্জামান রক্সি বলেন, “শিক্ষাঙ্গনে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। জলবায়ু পরিবর্তন ও মৌসুমি বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। সাধারণ শিক্ষার্থীদের ডেঙ্গু থেকে ঝুঁকিমুক্ত রাখতেই ছাত্রদলের এই পরিচ্ছন্নতা উদ্যোগ।”
অনুষ্ঠানে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ সৈকত এবং সদস্য সচিব রাইসুল ইসলাম রানা উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা এ অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
নেতৃবৃন্দ আরও জানান, শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন নিশ্চিত করতেই কেন্দ্র ঘোষিত নির্দেশনার আলোকেই এই সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সাধারণ শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে ও জনকল্যাণমূলক সামাজিক কর্মকাণ্ডে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদল রাজপথে ও ক্যাম্পাসে অগ্রণী ভূমিকা পালন করবে।




