কুমিল্লা প্রতিনিধি: আবু হানিফ: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ মাহাবুব ওরফে মাহাবুব সম্রাট (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার মালিগাঁও ইউনিয়নের থৈরখোলা এলাকায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র ও দাউদকান্দি মডেল থানার যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে থৈরখোলা এলাকায় একদল সশস্ত্র ব্যক্তি অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম এবং গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মাহাবুব সম্রাটকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতারকৃত মাহাবুব সম্রাট বিভিন্ন মামলার আসামি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার পক্ষ থেকে জানানো হয়, অপরাধ ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।







