রূপসার হাওয়া আর ইতিহাসের স্মৃতিকথায় গড়া এই নগরী আজ এক অদেখা আতঙ্কের ছায়ায় ঢাকা পড়েছে।
৫ আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর যখন পুরো দেশ নতুন করে রাষ্ট্র সংস্কার ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার সংগ্রামে লিপ্ত, ঠিক তখনই খুলনাকে কেন্দ্র করে শুরু হয়েছে এক সুগভীর ও অশুভ চক্রান্ত।
সাধারণ খুলনাবাসীর ক্ষুব্ধ ও শঙ্কিত হৃদয়ে আজ একটিই প্রশ্ন বারবার আছড়ে পড়ছে-খুলনার ঐতিহ্যবাহী শিববাড়ি মোড়ের ‘জিয়া হল’-এর নাম পরিবর্তনের বিতর্কিত প্রস্তাব কিংবা চারজন পেশাদার সাংবাদিকের ওপর ন্যাক্কারজনক গুলিবর্ষণ, এসব কি শুধুই বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি নতুন বাংলাদেশ ও বর্তমান সরকারকে ব্যাকফুটে ফেলার এক নীল নকশা?
খুলনার মানুষের আবেগ, অনুভূতি ও সংস্কৃতির এক অনন্য বাতিঘর শিববাড়ি মোড়ের ‘জিয়া হল’। বহু বছর ধরে এই হলটি শুধু একটি ভবন ছিল না; এটি ছিল খুলনার প্রগতিশীল সংস্কৃতি, রাজনৈতিক চর্চা এবং গণমানুষের সুখ-দুঃখের অকৃত্রিম মিলনমেলা। ফ্যাসিবাদী শাসনের করাল গ্রাসে এর অতীত রূপ বিনষ্ট হলেও, অভ্যুত্থান-উত্তর সময়ে খুলনাঞ্চলের মানুষের তীব্র আকুতি ছিল- শিববাড়ি মোড়ে জিয়া হলকে তার পূর্বের গৌরব ও ঐতিহ্যে পুনঃপ্রতিষ্ঠা করা হোক। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে, ঠিক এই মুহূর্তেই স্থানটির নাম পরিবর্তনের বিতর্কিত প্রস্তাব সামনে এনে নগরবাসীর হৃদয়ে এক অনাকাঙ্ক্ষিত ক্ষতের সৃষ্টি করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, খুলনাঞ্চলের শান্ত পরিবেশকে উসকে দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং সাধারণ মানুষের জমাটবদ্ধ আবেগকে সরকারের বিরুদ্ধে দাঁড় করাতেই এটি একটি কৃত্রিম ও ষড়যন্ত্রমূলক ইস্যু হিসেবে দাঁড় করানো হয়েছে।
একদিকে যখন ঐতিহ্যের ওপর আঘাত হানার অপচেষ্টা, অন্যদিকে তখন বাকস্বাধীনতা ও সাংবাদিকতার কণ্ঠরোধ করতে চালানো হয়েছে নির্মম বুলেট। গত ১৪ জুলাই, গভীর রাতের নিস্তব্ধতা চিরে জাতিসংঘ পার্কের কাছে ঘাতকদের মোটরসাইকেলের বিকট শব্দ আর তার পরপরই চারজন দায়িত্বরত সাংবাদিককে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।
যে সাংবাদিকেরা প্রতিদিন সমাজের বৈষম্য, অন্যায় আর মানুষের দুঃখ-কষ্ট তুলে ধরেন, আজ তাঁদের বুকেই বিদ্ধ হচ্ছে ঘাতকের বুলেট! হামলার এক সপ্তাহ পার হয়ে গেলেও মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ডরা ধরাছোঁয়ার বাইরে। পুলিশের এই স্থবিরতা সাধারণ মানুষের মনে আজ তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।
জনমনে আজ বিশ্বাস জন্মাচ্ছে যে, ফ্যাসিবাদের পুরোনো প্রেতাত্মা কিংবা দেশের স্থিতিশীলতাবিরোধী কোনো কায়েমী স্বার্থান্বেষী গোষ্ঠী আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করে বর্তমান সরকারের রাষ্ট্র পুনর্গঠনের ঐতিহাসিক কাজকে ভেস্তে দিতে চায়।
খুলনার জ্যেষ্ঠ সংবাদকর্মী ও সুশীল সমাজ ইতোমধ্যে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন-অতীতেও যেভাবে খুলনাকে রক্তাক্ত করে, সাংবাদিক হত্যা করে এবং সামাজিক অস্থিতিশীলতা তৈরি করে রাজনৈতিক ফায়দা লোটা হয়েছিল, আজ হুবহু সেই একই চিত্রনাট্য ফের মঞ্চস্থ করার পাঁয়তারা চলছে। সাংবাদিক হত্যাচেষ্টা এবং জিয়া হলের নাম পরিবর্তনের এই অশুভ চেষ্টা একই সূতোয় গাঁথা।
তবে খুলনার ইতিহাস প্রতিবাদের ইতিহাস। কোনো অপশক্তি বা ছায়ানির্দেশক চক্রান্ত করে খুলনাবাসীর আবেগ কেড়ে নিতে পারবে না। শিববাড়ি মোড়ে ‘জিয়া হল’-এর ঐতিহ্যানুযায়ী জিয়া হল-ই বহাল রাখতে হবে এবং সাংবাদিকদের ওপর গুলিবর্ষণকারী নেপথ্যের গডফাদারদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে।
সরকারের রাষ্ট্র সংস্কারের পথকে সুগম করতে এবং খুলনার শান্ত পরিবেশ রক্ষা করতে এই চক্রান্তকারীদের মুখোশ টেনে খুলে ফেলা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
লেখক সাংবাদিক ও কলামিস্ট
প্রকাশক ও সম্পাদক
দৈনিক খুলনাঞ্চল।

