ঢাকা–সিলেট মহাসড়কে মিতালি পরিবহনের একটি বাস থেকে ভারতীয় কম্বল আটকের পর সেগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর না করে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ছাত্রদলের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি নাবির হোসেন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারাব বিশ্বরোড স্টাফ কোয়ার্টার এলাকা থেকে মিতালি পরিবহনের বাসটি আটক করেন নাবির হোসেন ও তাঁর সহযোগীরা। পরে বাসের কয়েকজন যাত্রী নেমে যাওয়ার পর বাসটি তারাব বিশ্বরোড এলাকায় নিয়ে আসা হয়।
অভিযোগ রয়েছে, বাসটিতে কম্বলের চালান না থাকায় পথে আনা ভারতীয় কম্বল বহন করা হচ্ছিল। স্থানীয় সূত্রের দাবি, সিলেট থেকে ঢাকায় আসার পথে তুষার ও তার সহযোগীরা নামের এক ব্যক্তির তত্ত্বাবধানে এসব কম্বল পরিবহনের ব্যবসা পরিচালিত হচ্ছিল। তুষারের বাড়ি নারায়ণগঞ্জের ভূইঘর এলাকায় বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে এ ধরনের ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
অন্যদিকে, বাসটি আটকের পর কম্বল ছাড়িয়ে নেওয়ার বিনিময়ে অর্থ লেনদেনের অভিযোগও সামনে এসেছে। অভিযোগকারীদের দাবি, নাবির হোসেন ও তাঁর সহযোগীরা কম্বলসহ সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ না করে অর্থ আদায়ের জন্য চাপ সৃষ্টি করেন।
পরবর্তী সময়ে বাস থেকে কম্বল নামিয়ে ঢাকা সড়ক শ্রমিক পরিবহন সমিতির একটি অফিসে রাখা হয় বলে জানা গেছে। কিছুক্ষণ পর বিষয়টি জানাজানি হলে একটি লেগুনাযোগে কম্বলগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রশ্ন উঠেছে, যদি বাসটিতে চোরাই পথে আনা ভারতীয় কম্বল বহন করা হয়ে থাকে, তাহলে সেগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হলো না কেন? আটক ব্যক্তিকে পুলিশের কাছে না দিয়ে অর্থ লেনদেনের অভিযোগ কেন উঠল? কম্বলগুলো কোথায় সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে সেগুলোর অবস্থান কী?
সচেতন মহলের দাবি, ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে বাসে বহন করা কম্বলের প্রকৃত উৎস, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং আটকের পর কম্বল সরিয়ে নেওয়ার অভিযোগ খতিয়ে দেখা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
ঢাকা–সিলেট মহাসড়কে মিতালি বাস আটক এবং ভারতীয় কম্বল সরিয়ে নেওয়ার অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি উঠেছে।







