ঢাবি সংবাদদাতা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ডাকসু নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) রাতে তিনি শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।
হামলায় আহত এবি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন উপাচার্য। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।
উপাচার্যের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এবং প্রক্টরিয়াল টিমের সদস্যরা।
পরিদর্শনকালে উপাচার্য চিকিৎসা ব্যবস্থার সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি আহত শিক্ষার্থীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক এ হামলার ঘটনায় ক্যাম্পাসে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীদের একটি অংশ।







