, ,

জিরাবো দেওয়ান ইদ্রিস কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।

নিউজটি শেয়ার করুন

যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সাভারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জিরাবো দেওয়ান ইদ্রিস কলেজ -এর ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এমপি। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে বলেন, “তোমরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। কেবল ভালো ফল নয়, বরং একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগান সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব দেওয়ান মো: মঈনুদ্দিন বিপ্লব।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো: সাইফুল ইসলাম। তিনি তাঁর সমাপনী বক্তব্যে পরীক্ষার হলে করণীয় ও নিয়মানুবর্তিতা বজায় রাখার ব্যাপারে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠের পর বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়। এরপর পরীক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও বিদায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অভিভাবক এবং সর্বস্তরের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।