মোঃ সেলিম উদ্দিন
জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা খাদ্য গুদাম একটি সংঘবদ্ধ চাল কালোবাজারি সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা খাদ্য বিভাগের কতিপয় কর্মকর্তা, কয়েকজন চাতাল ও রাইস মিল মালিকের যোগসাজশে এই সিন্ডিকেট গড়ে উঠেছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ী ও মিল সংশ্লিষ্টদের। এই চক্রের অবৈধ তৎপরতা বন্ধে জেলা খাদ্য বিভাগ ও র্যাবের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
স্থানীয় ব্যবসায়ী ও মিলারদের অভিযোগ, জামালপুরের চিহ্নিত চাল কালোবাজারি মোস্তাফিদুল ইসলাম লিংকন ও তার ২/৩ জন সহযোগী সম্প্রতি সরিষাবাড়ী খাদ্য গুদামে আনাগোনা শুরু করেছে। এরপর থেকেই সিন্ডিকেটের সদস্যরা অবৈধ সুবিধা আদায়ে নানা কৌশল অবলম্বন করছে। চক্রটি বিভিন্ন সরকারি প্রকল্পের চাল কম দামে সংগ্রহ করে কালোবাজারে পাচার করছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে একদিকে সরকার যেমন বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছে, অন্যদিকে প্রকৃত সচল মিল ও সৎ মিলাররা ন্যায্য বরাদ্দ থেকে বঞ্চিত হয়ে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনুসন্ধানে জানা যায়, ২০২৪ সালের ১১ নভেম্বর রাতে সদর উপজেলার ইটাইল ইউনিয়নের দমদমা বকুলতলা বাজারে এই লিংকনের রাইস মিলে অভিযান চালিয়ে ৩৯৮ বস্তা (প্রায় ২০ মেট্রিক টন) সরকারি চাল ও ৩৬০টি খালি বস্তা জব্দ করেছিল র্যাব-১৪। ওই ঘটনায় মামলাও দায়ের করা হয়। লিংকন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সরকারি প্রকল্পের চাল প্লাস্টিকের বস্তায় ভরে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। সম্প্রতি জামালপুর শহরে ১৫ টন সরকারি চাল কালোবাজারে বিক্রির চেষ্টাকালে ট্রাকসহ চালককে গ্রেপ্তার করে র্যাব। এরপর জেলা শহরে র্যাবের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় এই সিন্ডিকেটটি এখন উপজেলাগুলোকে টার্গেট করেছে। বর্তমানে তারা সরিষাবাড়ী উপজেলার একটি রাইস মিলের নাম ব্যবহার করে কৌশলে ব্যবসা পরিচালনা করছে এবং সরকারি বরাদ্দের চাল কিনে পাচার করছে। চাল কালোবাজারিদের এই চক্র রুখতে জামালপুর র্যাব-১৪-এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সরিষাবাড়ীবাসী।
জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ‘এসআরএফ অটো রাইস মিল’-এর স্বত্বাধিকারী লাঞ্জু মিয়ার সাথে চুক্তি করে কালোবাজারি লিংকন ও তার সহযোগীরা জেলা খাদ্য বিভাগ থেকে দুই কিস্তিতে ১২৮ টন ধান সংগ্রহের বরাদ্দ নেয়। প্রথম কিস্তিতে ৬৪ টন ধান ভাঙিয়ে চাল গুদামে দিলেও, দ্বিতীয় কিস্তির আরও ৬৪ টনের চাল দিতে তারা নানাভাবে সময়ক্ষেপণ করছে। তথ্য রয়েছে যে, তারা জেলার বিভিন্ন স্থান থেকে সরকারি চাল কম দামে কিনে, সেই চালই আবার গুদামে জমা দেওয়ার চেষ্টা করছে। এছাড়া তাদের সরবরাহকৃত চালের গুণগত মান নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এদিকে, ‘স্বস্তিকা রাইস মিল’-এর মালিক তুষার বাবুর প্রতিষ্ঠানেও ৬৪ টন ধান বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি নিয়মানুযায়ী নিজ খরচে জামালপুরের সুজার মিল থেকে ধান শুটার (ছাঁটাই) করে চাল গুদামে জমা দেবেন বলে জানা গেছে। খাদ্য বিভাগের নীতিমালা অনুযায়ী, কোনো উপজেলার মিল সচল না থাকলে বা ধান ছাঁটাইয়ের ব্যবস্থা না থাকলে, নিজস্ব তহবিল থেকে পরিবহন খরচ বহন করে জেলার নিকটস্থ যেকোনো স্থানে ধান ছাঁটাই করার নিয়ম রয়েছে। এতে সরকারের পরিবহন খরচ সাশ্রয় ও লাভ হয়।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত চাল কালোবাজারি লিংকন মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে স্বস্তিকা রাইস মিলের স্বত্বাধিকারী তুষার বাবু জানান, “সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমতি নিয়েই দ্রুত সময়ের মধ্যে ধান শুটার করার জন্য সুজার মিলে পাঠানো হয়েছে। একটি কুচক্রী মহল সাংবাদিকদের ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে।” এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তা রুবিনা আক্তার বলেন, “আমরা সরকারি ডিও (চাহিদাপত্র) দেখেই ধান দিয়ে থাকি। তবে সিন্ডিকেটের বিষয়ে আমরা নজর রাখব।”জামালপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান জানান, “সিন্ডিকেটের বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর ধান ছাঁটাইয়ের ক্ষেত্রে আইনি নির্দেশনা রয়েছে; প্রতিষ্ঠান চাইলে নিজস্ব খরচে ধান ছাঁটাই করে গুদামে দিতে পারে, এতে সরকারের লাভ হয়।”

