নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ব্রাম্মণবাওগা দক্ষিণপাড়া জামে মসজিদে যাওয়ার রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি, মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আল মুজাহিদ মল্লিক। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল মসজিদে যাতায়াতের জন্য একটি টেকসই ও উন্নত রাস্তা নির্মাণ। বিশেষ করে বর্ষা মৌসুমে কাঁচা রাস্তার কারণে মুসল্লিদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। সেই সমস্যার সমাধান হিসেবে এই আরসিসি ঢালাই রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আল মুজাহিদ মল্লিক বলেন, “মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য আমি সবসময় কাজ করে যাচ্ছি। এই রাস্তা নির্মাণের মাধ্যমে মসজিদে আগত মুসল্লিদের কষ্ট অনেকটাই কমে যাবে।”এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন এবং এ উদ্যোগকে স্বাগত জানান।







