জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে জামায়াত সমর্থিত প্যানেল থেকে মনোনীত অ্যাডভোকেট মোমেন ফকির ৯৩ ভোট ও সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্যানেল থেকে মনোনীত অ্যাডভোকেট শহিদুল ইসলাম ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) জয়পুরহাট জেলা আইনজীবী ভবনে ভোট কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ২০৫ ভোটের মধ্যে ২০১টি ভোট কাস্ট হয়।
সভাপতি পদে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী এ টি এম মিজানুর রহমান ৯১ ভোট পেয়েছেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে ১২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন খায়রুল আহসান সাখিদার জুয়েল। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৪৩ ভোটে নির্বাচিত হয়েছেন এ্যাড. এ কে এম আবু সুফিয়ান পলাশ। অর্থ সম্পাদক পদে ১০৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন এ্যাড. গোলাম মওদুদ শাহরিয়ার এবং আপ্যায়ন, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে ১০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হাসানুজ্জামান নান্নু।
এছাড়াও জাতীয়তাবাদী প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নিরীক্ষা সম্পাদক পদে আব্দুল মুমিন হামিদুল ও গ্রন্থাগার ও প্রচার সম্পাদক নুর-ই-আলম সিদ্দিক। সদস্য পদে নির্বাচিত হয়েছেন সোহেলী পারভীন, গোলাম মওলা ও ফিরোজ আহমেদ।
নিকটতম প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে আইয়ুব আলী ৬৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে এ্যাড. সামসুল ইসলাম পান ২৯ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী আলমগীর কবির ৫১ ভোট, অর্থ সম্পাদক পদে নাসিমুস সাকলাইন টিটু ৮৩ ভোট এবং আপ্যায়ন, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মামুনুর রশিদ মামুন ৮৯ ভোট লাভ করেন।
নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবী মহলে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভোট গণনা শেষে নির্বাচনী এলাকায় সিনিয়র আইনজীবীরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেন।
সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান সরকার বলেন, “এ নির্বাচন আমাদের পেশাগত ঐক্য ও গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে।”
আরেক আইনজীবী অ্যাডভোকেট শওকত আলী মন্তব্য করেন, “দলীয় পরিচয়ের প্রভাব থাকলেও আমরা চাই সমিতির নেতৃত্বে যোগ্যতা ও পেশাগত দায়বদ্ধতাই প্রধান মানদণ্ড হোক।”
নির্বাচনে দলীয় সমর্থনের প্রভাব দৃশ্যমান থাকলেও সাধারণ আইনজীবীরা মনে করেন, সমিতির নেতৃত্ব নির্বাচনে যোগ্যতা, অভিজ্ঞতা ও পেশার প্রতি দায়বদ্ধতার বিষয়টিই শেষ পর্যন্ত সর্বাধিক গুরুত্ব পাওয়া উচিত।




