, ,

জবি আইইআর ১৯ তম ব্যাচের শিক্ষার্থীদের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে-(BNFE) মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

জবি প্রতিনিধি: পলি আক্তার: প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জনের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৯তম ব্যাচ) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (৯ম ব্যাচের) BED-2201 ‘নন-ফরমাল অ্যান্ড কন্টিনিউয়িং এডুকেশন’ (Non-formal & Continuing Education) কোর্সের অংশ হিসেবে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (BNFE) পরিদর্শন করেছেন ব্যাচের শিক্ষার্থীরা। কোর্স শিক্ষক মো. মতিয়ার রহমান স্যারের বিশেষ উদ্যোগে সম্প্রতি এই শিক্ষামূলক সফরের আয়োজন করা হয়।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (BNFE)-এর পরিচালক, উপপরিচালক, সহপরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া এ খাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাজ করার সুযোগ এবং তাদের বিভিন্ন গঠনমূলক মতামত অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর প্রভাষক জনাব মো. মতিয়ার রহমান জানান “উচ্চশিক্ষার অন্যতম লক্ষ্য হলো শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা, বিশ্লেষণী সক্ষমতা ও পেশাগত যোগ্যতা অর্জনে সহায়তা করা। এ ক্ষেত্রে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষামূলক ফিল্ড ভিজিট একটি কার্যকর অভিজ্ঞতাভিত্তিক শিক্ষণ কৌশল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শ্রেণিকক্ষে অর্জিত জ্ঞানকে বাস্তব প্রেক্ষাপটে অনুধাবন ও প্রয়োগের সুযোগ তৈরি করে ফিল্ড ভিজিট। সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম, নীতিমালা, প্রশাসনিক কাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের জ্ঞানের সঙ্গে বাস্তবতার সংযোগ স্থাপন করতে পারে। পাঠ্যবইয়ে আমরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাঠামো, কার্যক্রম, নীতিমালা ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জানতে পারি। কিন্তু এসব প্রতিষ্ঠানের বাস্তব কার্যক্রম, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, নীতির বাস্তবায়ন, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা অর্জনের জন্য সরেজমিনে পরিদর্শনের বিকল্প খুব সীমিত। এ ধরনের ফিল্ড ভিজিট শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞান ও বাস্তবতার মধ্যে সংযোগ স্থাপন করতে সহায়তা করে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিনির্ধারক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় তাদের সমালোচনামূলক চিন্তা, যোগাযোগ দক্ষতা, গবেষণার আগ্রহ এবং ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে বাস্তব ধারণা বিকাশে সহায়তা করে।”

এছাড়াও, মতবিনিময় সভায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব দেবব্রত চক্রবর্তী (যুগ্মসচিব) শিক্ষার্থীদের বেশকিছু প্রশ্নের উত্তর করেন। পাশাপাশি বর্তমানে চলমান প্রকল্পগুলোতে শিক্ষার্থীদের ভলিন্টিয়ার হিসেবে বা খন্ডকালীন কাজের সুযোগের বিষয়ে মতামত জানান এবং আবারো শিক্ষার্থীদের লাইব্রেরি ভ্রমণের আন্তরিক আহবান জানান। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারকের (MOU) সম্ভাবনা নিয়ে আগ্রহ প্রকাশ করেন এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (BNFE) এর বিভিন্ন প্রকল্পে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ বা স্বল্পমেয়াদী ও চুক্তিভিত্তিক নিয়োগের সম্ভাবনা নিয়ে নিজেরা চিন্তাভাবনা ও আলোচনা করবেন বলে জানিয়েছেন।।

বইয়ের পাতার বাইরে এমন চমৎকার ও সময়োপযোগী আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়ার জন্য কোর্স শিক্ষক মো. মতিয়ার রহমান স্যার এবং সংশ্লিষ্ট ইন্সটিটিউটের প্রতি ১৯তম ব্যাচের শিক্ষার্থীরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয় যে, প্রাতিষ্ঠানিক শিক্ষার গুণগত মান উন্নয়নে এবং শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।