, ,

ঘুষ না পেয়ে মিটার ‘লক’ ও গ্রাহকের স্ত্রীকে কুপ্রস্তাব: জামালপুরে পিডিবির ২ লাইনম্যানের বিরুদ্ধে অভিযোগ

নিউজটি শেয়ার করুন

জামালপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দুই লাইনম্যানের বিরুদ্ধে গ্রাহকের আবাসিক মিটার জোরপূর্বক বাণিজ্যিক করে দেওয়া, অনৈতিক কুপ্রস্তাব, ঘুষ গ্রহণ এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগ উঠেছে। সম্প্রতি ভুক্তভোগী ওই গ্রাহক বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জামালপুরের নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, জামালপুর সদরের নাকাটি গ্রামের কৃষক মোঃ লুৎফর রহমান জামালপুর পিডিবি অফিস থেকে নিজস্ব আবাসিক মিটারে (মিটার নং: ১০১১০৩১৭৩৪৯) নিয়মিত বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। সম্প্রতি প্রিপেইড মিটারে রূপান্তরের পর তা ‘লক’ হয়ে গেলে পিডিবির বেলটিয়া এলাকার লাইনম্যান মোঃ পলাশ (৪০) এবং মোঃ জাহাঙ্গীর (৪৫) তা সমাধান করতে যান। এবং কাজ শেষে পলাশ ভুক্তভোগী গ্রাহকের স্ত্রীর মোবাইল নম্বর নেন এবং পরবর্তীতে তাকে বিভিন্ন সময় অশালীন ভাষায় কথা বলাসহ কুপ্রস্তাব দিতে থাকেন।

​বিষয়টি জানতে পেরে গৃহকর্তা লুৎফর রহমান প্রতিবাদ জানালে পলাশ ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরবর্তীতে প্রতিহিংসাবশত আবাসিক মিটারটিকে বাণিজ্যিক হিসেবে পরিবর্তন করে দেওয়া হয়। এতে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসতে থাকলে তা সংশোধনের বিনিময়ে লাইনম্যান পলাশ ২০ হাজার টাকা দাবি করেন। ভুক্তভোগী নতুন সংযোগের আশায় টাকা পরিশোধ করলেও দীর্ঘদিনেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপরন্তু, অভিযুক্তরা বারবার মিটার লক করে তা খুলে দেওয়ার নামে ১ থেকে ২ হাজার টাকা করে আদায় করতে থাকেন।

​সর্বশেষ গত ১৫ জুলাই ২০২৬ তারিখে অভিযুক্ত লাইনম্যানদ্বয় ভুক্তভোগীর ছোট ভাই মোঃ নয়নের মিটারে (মিটার নং: ১০১১০৪০০৮৮৪) সমস্যা আছে বলে কৌশল অবলম্বন করেন। অভিযোগ করা হয়, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিটারটি ‘বাইপাস’ বা ডাইরেক্ট করে রেখে যান। এর তিন দিন পর, ১৮ জুলাই পিডিবির অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এসে অবৈধ সংযোগের অজুহাতে মিটারটি খুলে নিয়ে যান। মিটার ফেরত দেওয়া ও আইনি ঝামেলা এড়াতে তারা ৫০ হাজার টাকা দাবি করেন, অন্যথায় বড় অঙ্কের জরিমানা ও মামলার হুমকি দেন।

​অসহায় কৃষক লুৎফর রহমান এই হয়রানি ও অনৈতিক কর্মকাণ্ডের ন্যায়বিচার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। ঘটনাটি প্রত্যক্ষ করেছেন এমন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা লিখিত অভিযোগে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছেন। ​এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জামালপুরের নির্বাহী প্রকৌশলী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।