, ,

ঘুষ ছাড়া নড়েন না নায়েব! শৈলকুপা ভূমি অফিসে সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে

নিউজটি শেয়ার করুন

শিপন মিয়া, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রয়েড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবাগ্রহীতাদের কাছ থেকে প্রকাশ্যে ঘুষ দাবির অভিযোগ উঠেছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) হাফিজুর রহমানের বিরুদ্ধে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ রয়েছে, অফিস চলাকালীন সময়েই নায়েব হাফিজুর রহমান তার নিয়োজিত কম্পিউটার অপারেটরের মাধ্যমে সরাসরি ঘুষ দাবি করেন। শুধু তাই নয়, ঘুষের পাশাপাশি ‘মিষ্টি খাওয়ার’ নামে অতিরিক্ত অর্থ দাবি করা হয় বলেও জানিয়েছেন একাধিক সেবাগ্রহীতা।

ভুক্তভোগীদের ভাষ্যমতে, জমির নামপত্তন, খাজনা দাখিলা প্রদান কিংবা পর্চা উত্তোলনের মতো মৌলিক সেবাগুলো পেতে গেলে নির্ধারিত সরকারি ফি’র বাইরে অতিরিক্ত টাকা দিতে বাধ্য করা হয়। প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়ার পরও ঘুষ না দিলে ফাইল আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তারা।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এ ধরনের অনিয়ম চলে আসছে, কিন্তু রহস্যজনক কারণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিক চাপেও ভুগছেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী বলেন, “টাকা ছাড়া কোনো কাজই হয় না। বাধ্য হয়ে আমাদের অতিরিক্ত টাকা দিতে হয়।”

এদিকে এলাকাবাসী দ্রুত বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা আশা করছেন, প্রশাসনের হস্তক্ষেপে এ ধরনের দুর্নীতি বন্ধ হবে এবং সেবাগ্রহীতারা স্বস্তি ফিরে পাবেন।