, ,

গ্যাস-বিদ্যুৎ সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

নিউজটি শেয়ার করুন

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বিক্ষোভ মিছিল শেষে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য, জয়পুরহাট জেলা শাখা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ  মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

স্মারকলিপিতে বলা হয়, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট ও ভয়াবহ লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, শিল্প-কারখানার উৎপাদন এবং ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর সঙ্গে দফায় দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং অতিরিক্ত বা ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায়ের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এতে আরও বলা হয়, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। ফলে শ্রমজীবী, নিম্নআয়ের ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছে।
স্মারকলিপিতে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো বাসাবাড়ি ও শিল্প-কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, ভয়াবহ লোডশেডিং দ্রুত বন্ধ করা, বিদ্যুতের বর্ধিত মূল্য ও ভুতুড়ে বিল আদায় বন্ধ করা এবং বাজার সিন্ডিকেট ভেঙে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা।

জনদুর্ভোগ লাঘবে সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে স্মারকলিপিতে বলা হয়, বর্তমান সংকট নিরসনে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন ১১ দলীয় ঐক্য, জয়পুরহাট জেলা শাখার সমন্বয়ক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সেক্রেটারি মো. গোলাম কিবরিয়া মণ্ডল।