মনোনয়ন বাতিলের দাবি, রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন
মোঃ নাসির উদ্দিন, গাজীপুর জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আলী নাছের খানের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ উঠেছে। এ অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন ওই আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করা লিখিত আবেদনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ নির্বাচনী এলাকায় এনসিপি মনোনীত প্রার্থী আলী নাছের খান যে হলফনামা ও আয়কর রিটার্ন দাখিল করেছেন, সেখানে উল্লেখিত জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ সরকারি ডাটাবেজে সংরক্ষিত তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে তিনি হলফনামায় সঠিক তথ্য প্রদান করেননি এবং গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন।
আবেদনে আরও অভিযোগ করা হয়, প্রার্থী আলী নাছের খান তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করে অনলাইন যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে অর্থ সহায়তা চেয়েছেন, যা সরাসরি নির্বাচন কমিশনের প্রচলিত আইন ও আচরণবিধির পরিপন্থী। নির্বাচনী প্রচারণায় এ ধরনের আর্থিক আহ্বান নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
আবেদনকারী পক্ষ দাবি করেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ অনুযায়ী কোনো প্রার্থী যদি হলফনামায় তথ্য গোপন করেন বা মিথ্যা ঘোষণা দেন, তবে তার মনোনয়নপত্র বাতিলযোগ্য হিসেবে বিবেচিত হয়। সে অনুযায়ী এনসিপি প্রার্থী আলী নাছের খানের মনোনয়ন বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এ বিষয়ে এখনো এনসিপি প্রার্থী আলী নাছের খান বা তার নির্বাচনী শিবিরের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই করে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।







