, ,

গাজীপুরের শ্রীপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় ৪ জনকে আটক করেছেন পুলিশ ।

নিউজটি শেয়ার করুন

গাজীপুর শ্রীপুর উপজেলায় টাঙ্গাইল সদর থানার একটি অপহরণ মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করতে আসা টাঙ্গাইল সদর থানা পুলিশের ওপর হামলা হয়েছে।গত রোববার (১ মার্চ) রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুই থানার ১১ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে ০৬ জন টাঙ্গাইল সদর থানার এবং ০৫ জন শ্রীপুর থানার পুলিশ সদস্য। পরে দুই ঘণ্টা পর অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া ওই ০২ আসামিসহ ০৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া আহত পুলিশ সদস্যদের হাসপাতালে পাঠানো হয়। তাঁদের নাম জানা যায়নি।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, টাঙ্গাইল সদর থানার একটি অপহরণ মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করতে টাঙ্গাইল সদর থানার ছয় সদস্যের একটি দল শ্রীপুরে আসে। এ সময় তাঁরা শ্রীপুর থানা পুলিশের সহযোগিতা চান। পরে শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় টাঙ্গাইল সদর থানা পুলিশ মাওনা গ্রামের আদিল ও তাঁর বাবা মনির হোসেনকে গ্রেপ্তার করে হাতকড়া পড়িয়ে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন ডাকাত আসছে, ভুয়া পুলিশ আসছে বলে ডাক-চিৎকার দেয়। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে রাস্তা অবরোধ করে পুলিশের ওপর হামলা চালিয়ে মারধর শুরু করে। এতে ১১ পুলিশ সদস্য আহত হন। আসামিদের বাড়ির নারী সদস্যরা পুলিশ সদস্যদের কামড়ে গুরুতর আহত করেন এবং ওই দুই আসামিকে ছিনিয়ে নেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থল গিয়ে অভিযান চালানো হয়। এ সময় হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া ০২ আসামি এবং ০২ নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় ১১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
এবং অতি দ্রুতই এই মামলার বাকি আসামি এবং আসামিদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে বলে জানান টাঙ্গাইল সদর থানা এবং গাজীপুর শ্রীপুর থানার অফিসার।