গাকৃবিকে বৈশ্বিক উচ্চশিক্ষার গ্লোবাল হাব করতে চাই’—উপাচার্য
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে ‘Green Campus, Global Minds: International Students Shaping the Future of GAU’ শীর্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আইকিউএসি সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে গাকৃবিতে বিএস, এমএস ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত পাকিস্তান, নাইজেরিয়া, ইথিওপিয়া ও নেপাল থেকে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. আমজাদ হোসেন এবং সহযোগী পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী।
এ সময় পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা, গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান, সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ‘Discovering GAU’ শীর্ষক গাকৃবির ঐতিহাসিক অগ্রযাত্রা ও অর্জন নিয়ে একটি ভিজ্যুয়াল ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে বিভিন্ন দেশ থেকে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উদ্বোধনী বক্তব্য দেন ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। পরে বিদেশি শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।
আলোচকরা তাঁদের নিজ নিজ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। এ সময় উপাচার্য প্রফেসর ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান ‘আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পৃক্ততায় গড়ে উঠছে বৈশ্বিক গাকৃবি’ শীর্ষক আলোচনায় বলেন, “আমরা বিদেশি শিক্ষার্থীদের নিয়ে ‘গ্লোবাল মাইন্ডস’ গড়ে তুলতে চাই। তবে তার আগে গাকৃবিকে বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য একটি ‘গ্লোবাল হাব’ হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি বলেন, এমন একটি পরিবেশ তৈরি করা হবে, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা গাকৃবিতে এসে নিরাপদে, স্বাচ্ছন্দ্যে ও মর্যাদার সঙ্গে পড়াশোনা করতে পারবেন। একই সঙ্গে তাঁরা নিজেদের সংস্কৃতি ও অভিজ্ঞতা বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন।
প্রশিক্ষণের অন্যতম আলোচক গাজীপুরের জেলা প্রশাসক ‘সবুজ গাকৃবি: শান্তি ও দূষণমুক্ত নির্মল ক্যাম্পাস’ শিরোনামে আলোচনায় গাজীপুর জেলা প্রশাসন ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় যৌথভাবে গাজীপুরকে আরও সবুজ, বসবাসযোগ্য ও দূষণমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, গাজীপুরকে আরও সবুজায়ন, বসবাসযোগ্য ও সব ধরনের দূষণমুক্ত করতে জেলা প্রশাসন ও গাকৃবি যৌথভাবে কাজ করতে চায়। এ সময় তিনি সরকার ঘোষিত পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
পরে অতিথিদের সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা গাকৃবিতে তাঁদের ক্যাম্পাস জীবনের অভিজ্ঞতা, প্রত্যাশা, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বশীলরা তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং শিক্ষার্থীদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে অতিথিদের গ্রুপ ফটোসেশন ও নৈশভোজের আয়োজন করা হয়।






