যক্ষ্মা রোগী সনাক্তকরণ ও চিকিৎসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পেইনে স্থানীয় প্রবীণ, শিশু ও নারীসহ শত শত অসচ্ছল রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাপত্র প্রদান করা হয়।
স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অংশ হিসেবে এ ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়। বিশেষ করে বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে খুলনা অঞ্চলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এবং যক্ষ্মা রোগের ঝুঁকি কমাতে সাধারণ মানুষকে সচেতন করতেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দল রোগীদের রক্তের প্রয়োজনীয় পরীক্ষা, বিশেষ করে দ্রুত ডেঙ্গু নির্ণয় এবং যক্ষ্মার প্রাথমিক লক্ষণ পরীক্ষা করেন। পরীক্ষা শেষে আক্রান্ত ও ঝুঁকিতে থাকা রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য চিকিৎসার দিকনির্দেশনা দেওয়া হয়।
উদ্যোগটির সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ে ছিলেন খুলনা মহানগর জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব এবং ফিস ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশন, খুলনার অন্যতম শীর্ষ নেতা জসিম উদ্দিন খাজা।
কর্মসূচি সম্পর্কে জসিম উদ্দিন খাজা বলেন, “খুলনার সাধারণ ও শ্রমজীবী মানুষ, বিশেষ করে যারা অর্থাভাবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না, তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। বর্তমান সময়ে ডেঙ্গু ও যক্ষ্মার মতো রোগগুলো ঘরে ঘরে সচেতনতা ও প্রাথমিক পরীক্ষার অভাবে মারাত্মক রূপ নেয়। আমরা চেষ্টা করেছি সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে এই সেবা ও সঠিক পরামর্শ পৌঁছে দিতে। সাধারণ মানুষের সেবায় আমাদের এই ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে।”
ক্যাম্পেইনে চিকিৎসা সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের তীব্র প্রশংসা করেন। তাদের মতে, বর্তমান সময়ে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়া সাধারণ পরিবারের জন্য বড় স্বস্তির বিষয়। স্থানীয় সুশীল সমাজ ও মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।






