খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি এলাকায় দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা বেলছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন সংস্কার করে দেওয়া হয়েছে স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে।
সোমবার (১১ আগস্ট) সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার পক্ষে সংস্কার করা বিদ্যালয় ভবনটি উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা।
স্থানীয়রা ওয়াদুদ ভূইয়া এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের পুরোনো ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় তা ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছিল। এতে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছিল এবং ঝুঁকি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালাতে হচ্ছিল।
বিদ্যালয় ভবনটি সংস্কারের ফলে এখন থেকে শিক্ষার্থীরা নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে পাঠদান কার্যক্রমে অংশ নিতে পারবে। এতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে নতুন গতি ফিরবে বলে আশা প্রকাশ করেন শিক্ষক ও স্থানীয়রা।
ভবন উদ্বোধনের পর বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে স্কুলের পোশাকও বিতরণ করা হয়।
স্থানীয়রা বলেন, জরাজীর্ণ ভবন সংস্কারের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে স্কুল পোশাক বিতরণ ও বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য সুন্দর, নিরাপদ ও মনোরম শিক্ষার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মোঃ আরিফুল ইসলাম







