, ,

কুড়িগ্রাম এক্সপ্রেসে নারীকে ধর্ষণের অভিযোগ পার্বতীপুরে ক্যান্টিনকর্মী গ্রেপ্তার

নিউজটি শেয়ার করুন

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রেনের খাবার গাড়ির কর্মচারী (ক্যান্টিন বয়) আবু বক্কর সিদ্দীককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাকে গ্রেপ্তার করা হয়।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার ৪২ বছর বয়সী ওই নারী ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে পার্বতীপুর যাওয়ার জন্য কুড়িগ্রাম এক্সপ্রেসে ওঠেন। ট্রেনে আসন না পেয়ে তিনি দাঁড়িয়ে ছিলেন। পরে কর্তব্যরত রেলওয়ে পুলিশের সদস্যরা তাকে ট্রেনের খাবার গাড়িতে নিয়ে বসার ব্যবস্থা করে দেন।
অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে খাবার গাড়ির কর্মচারী আবু বক্কর সিদ্দীক কৌশলে ওই নারীকে খাবার গাড়ির সঙ্গে সংযুক্ত একটি কামরায় নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ট্রেনটি সান্তাহার জংশন স্টেশন ছেড়ে যাওয়ার পর ওই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান। পরে ট্রেনটি পার্বতীপুর স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ অভিযুক্ত আবু বক্কর সিদ্দীককে গ্রেপ্তার করে এবং ওই নারীকে উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানার হেফাজতে নেয়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল হোসেন জানান, ভুক্তভোগী নারীকে চিকিৎসা পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আবু বক্কর সিদ্দীককে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।