, ,

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের, চার বছরে তৈরি হবে ২৫ হাজার উদ্যোক্তা

নিউজটি শেয়ার করুন

 

 

ঢাকা, রবিবার ২২ নভেম্বর ২০২৬:

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত এবং বেকারত্ব হ্রাসে আগামী পাঁচ বছরে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে আগামী চার বছরে দেশের ৬৪ জেলায় ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদন ও বিকাশের কোনো বিকল্প নেই। এসএমই খাতকে আরও শক্তিশালী করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করছে। এ খাতের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব।

তিনি জানান, খসড়া ‘জাতীয় এসএমই নীতিমালা-২০২৬’-এর মূল লক্ষ্য বাংলাদেশকে একটি উৎপাদন কেন্দ্র (ম্যানুফ্যাকচারিং হাব) এবং রপ্তানির প্রবেশদ্বার হিসেবে প্রতিষ্ঠা করা। এ নীতিমালার আওতায় ২০৩১ সালের মধ্যে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্যোক্তা তৈরির পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এসএমই ফাউন্ডেশনের ‘এসএমই সৃষ্টি’ কর্মসূচির আওতায় আগামী চার বছরে দেশের ৬৪টি জেলায় প্রতি বছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা গড়ে তোলা হবে। এ কর্মসূচির মাধ্যমে সারাদেশে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি ৫০ হাজার উদ্যোক্তাকে আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এসএমই খাতের বিদ্যমান সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, মূলধন ও প্রযুক্তির অভাব, ঋণপ্রাপ্তির জটিলতা, দক্ষ জনবলের সংকট এবং পণ্য বিপণনে নানা প্রতিবন্ধকতা এ খাতের বিকাশকে বাধাগ্রস্ত করছে। এসব সমস্যা দূর করতে সহজ শর্তে ঋণ প্রদান, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা এবং সরকারি-বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

 

দেশীয় পণ্যের সৃজনশীলতা ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী আরও জানান, এসএমই উদ্যোক্তাদের নতুন পণ্য উদ্ভাবন ও নকশাগত দক্ষতা বাড়াতে একটি ‘ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার’ স্থাপন করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক এবং শিল্প সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত উদ্যোক্তাদের হাতে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬’ তুলে দেন।

 

উল্লেখ্য, ৩৮০ জন উদ্যোক্তার অংশগ্রহণে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। মেলাটি আগামী ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।