সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনতলায় করতোয়া নদীতে নৌকাবাইছ চলাকালে দুই নৌকার বাইছালদের (নৌকার মাঝি) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে প্রায় ৩০ জন বাইছাল আহত হয়েছেন বলে জানা যায়। মঙ্গলবার বিকেলে উপজেলার সোনতলা করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।
নৌকাবাইছে অংশ নেওয়া বংকিরাট নবশক্তি ফাইটার ও সোনতলা সোনাবাজু একটা এক্সপ্রেস নামের দুটি নৌকার বাইছালদের মধ্যে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বরাতে জানা যায় সোনতলা ঘাটে নৌকাবাইছের আয়োজন করা হয় এবং উক্ত নৌকাবাইছ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার নৌকা অংশ নেয়। নৌকাবাইছ চলার একপর্যায়ে দুটি নৌকা পাশাপাশি চলে এলে প্রতিযোগী দুই নৌকার বাইছালদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয় এবং তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
এ সময় দুই নৌকার বাইছাল(মাঝি) একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে প্রায় ৩০ জন আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা যায়।
সংঘর্ষের ঘটনার পর কিছু সময়ের জন্য নৌকাবাইছে উত্তেজনা সৃষ্টি হয় ও নৌকাবাইছ বন্ধ থাকে। এসময় আয়োজক ও স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নৌকাবাইছ পুনরায় চালু হয়।
স্থানীয় বাসিন্দারা বলেন, ঐতিহ্যবাহী নৌকাবাইছ দেখতে নদীর দুই পাড়ে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। নৌকাবাইছে প্রতিযোগীদের মধ্যে এমন সংঘর্ষে দর্শকদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে নৌকাবাইছে দুই নৌকা পাশাপাশি চলে আসায় নৌকার বাইছালদের(মাঝি) মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
নৌকাবাইছের সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তিদের নাম-পরিচয় ও তাঁদের চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সংগ্রহ কালে জানা সম্ভব হয়নি।







