, ,

ইউএপিতে আইসিপিসি-জেআরসি প্রোগ্রামিং প্রতিযোগিতা ২৯ আগস্ট; স্মরণে অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী

নিউজটি শেয়ার করুন

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর প্রোগ্রামিং কনটেস্ট ক্লাব (পিসিসি) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের যৌথ উদ্যোগে আগামী ২৯ আগস্ট ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আইসিপিসি-জেআরসি ইন্টার-কলেজ প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬’ এবং ‘আইসিপিসি-জেআরসি ইন্ট্রা-ইউএপি প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬’। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চার ঘণ্টাব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় থাকবে আন্তর্জাতিক মানের স্বয়ংক্রিয় উত্তর যাচাই ব্যবস্থা এবং রিয়েল-টাইম স্কোরবোর্ড। ২০২৬ থেকে ২০২৮ সালের এইচএসসি ব্যাচ এবং নির্ধারিত যোগ্যতা পূরণকারী স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা ইন্টার-কলেজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। অন্যদিকে, ইউএপির নিজস্ব শিক্ষার্থীদের জন্য আয়োজিত হবে ইন্ট্রা-ইউএপি প্রতিযোগিতা। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের তরুণদের প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ে আগ্রহী করা এবং তাঁদের সমস্যা সমাধানের দক্ষতা বিকাশ করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ‘আইসিপিসি-জেআরসি বৃত্তি পুরস্কার’ প্রদান করা হবে। এই বৃত্তির পেছনে রয়েছে দেশে প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং প্রসারের এক ঐতিহাসিক প্রেক্ষাপট। ২০২২ সালে ইউএপিতে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত ৪৫তম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালসের সফল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন প্রয়াত জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী (জেআরসি) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।

এই ধারাবাহিকতায় আইসিপিসি ফাউন্ডেশন তরুণদের প্রোগ্রামিংয়ে উৎসাহিত করতে ইউএপি-কে ৫০,০০০ মার্কিন ডলারের একটি তহবিল প্রদান করে। পরবর্তীতে ইউএপি এই উদ্যোগকে আরও বিস্তৃত করে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদেরও বৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নেয়। অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর দীর্ঘদিনের প্রচেষ্টাকে স্মরণ ও তাঁর দূরদর্শী অবদানকে এগিয়ে নিতেই এই বৃত্তি পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

এবারের আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং ব্রোঞ্জ স্পন্সর ইনোভেটিভ স্কিলস লিমিটেড। ইন্টার-কলেজ প্রতিযোগিতার জন্য ইউএপির পক্ষ থেকে ৭৫,০০০ টাকা পুরস্কার নির্ধারণ করা হয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিবন্ধনের শেষ সময় আগামী ২৭ আগস্ট ২০২৬। বিস্তারিত জানতে ও নিবন্ধন করতে ভিজিট করুন:

ওয়েবসাইট: pcc.uap-bd.edu/iupc

নিবন্ধন লিংক: pcc.uap-bd.edu/iupc/register

এই আয়োজনের মাধ্যমে দেশে কম্পিউটার প্রোগ্রামিং চর্চা আরও জোরদার হবে এবং তরুণ শিক্ষার্থীরা কম্পিউটিং জগতে সাফল্য অর্জনে অনুপ্রাণিত হবে বলে আশা করছেন আয়োজকেরা।