ঈদ মানেই সিনেমা, আর এবারের ঈদুল আজহার প্রেক্ষাপটে যেন নতুন জোয়ার নিয়ে এসেছে চলচ্চিত্র ‘অফিসার’।
মুক্তি পাওয়ার পর থেকেই রাজধানী থেকে শুরু করে জেলা-উপজেলার প্রেক্ষাগৃহগুলোতে চলছে দর্শকদের উপচে পড়া ভিড়। প্রিয় সিনেমা দেখার জন্য টিকিটের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দর্শকদের আগ্রহ ও আনন্দ যেন এক উৎসবের রূপ নিয়েছে।
হলে হলে তারকাদের চমক
দর্শকদের এই স্বতঃস্ফূর্ত ভালোবাসার প্রতি সম্মান জানাতে প্রচারণার অংশ হিসেবে মাঠে নেমেছেন সিনেমার পুরো টিম। চিত্রনায়ক ডিএ তায়েব ও চিত্রনায়িকা মাহিয়া মাহি সশরীরে হাজির হচ্ছেন বিভিন্ন প্রেক্ষাগৃহে। সম্প্রতি তারা ঘুরে এসেছেন যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, মিরপুর-১ এর স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার) এবং সাভারের আশুলিয়ার শিউলি সিনেমা হল।
হলে পৌঁছে ডিএ তায়েব ও মাহিয়া মাহি দর্শকদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করছেন। ভক্তদের আবদারে সেলফি তোলা, কুশল বিনিময় আর সিনেমার নির্মাণশৈলী নিয়ে আলোচনার মাধ্যমে তারা দর্শকদের মাতিয়ে রাখছেন। প্রিয় তারকাদের সামনে পেয়ে উচ্ছ্বসিত ভক্তরাও ছবিটির ভূয়সী প্রশংসা করছেন।
দর্শকই আমাদের মূল অনুপ্রেরণা: ডিএ তায়েব
দর্শকদের এমন ব্যাপক সাড়ায় আপ্লুত চিত্রনায়ক ডিএ তায়েব। তিনি বলেন, “দর্শকের ভালোবাসাই একজন শিল্পীর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ‘অফিসার’-এর প্রতি মানুষের এই আন্তরিক সাড়া আমাকে মুগ্ধ করেছে। আমার বিশ্বাস, ঈদের বাকি দিনগুলোতেও পরিবার-পরিজন নিয়ে দর্শকরা হলমুখী হবেন এবং দেশীয় সিনেমা উপভোগ করবেন। আপনাদের এই অকুন্ঠ সমর্থনই আমাদের আগামীতে আরও ভালো কাজ করার জ্বালানি।”
হল মালিকদের মুখে ‘অফিসার’ জয়গান
সিনেমা হল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে ‘অফিসার’ দর্শক টানার দৌড়ে এগিয়ে রয়েছে। প্রতিদিনই প্রেক্ষাগৃহগুলোতে দর্শক সমাগম বাড়ছে। তারকাদের সশরীরে উপস্থিতি এবং ইতিবাচক প্রচারণার ফলে ছবিটি এখন দর্শকদের মুখে মুখে—এক কথায় এটি পরিণত হয়েছে ঈদের ‘টক অব দ্য টাউন’-এ।
চলচ্চিত্রের নেপথ্যে
জনপ্রিয় পরিচালক বদিউল আলম খোকনের পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডিএ তায়েব ও মাহিয়া মাহি। তাদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন মিশা সওদাগর, ইরতেজা ইফতিসহ আরও অনেক তারকা। এসজি প্রোডাকশনের ব্যানারে মাহবুবা শাহরীনের প্রযোজনায় ছবিটি এখন দেশজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।







