গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিয়ের পিঁড়িতে বসার আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন বৃষ্টি ঘরামী (২৫) নামে এক নার্স। মৃত্যুর পরেও বৃষ্টির হবু বর সবুজ মণ্ডল তাঁর কপালে সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দিয়েছেন।
বৃষ্টি ঘরামী কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের নৈয়ারবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার মোহাম্মদপুরের ট্রমা সেন্টারে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।
আগামী ১৬ অক্টোবর বৃষ্টি ও সবুজের বিয়ের দিন পারিবারিকভাবে নির্ধারিত হয়ে ছিল। দুই পরিবারের বিয়ের কেনাকাটাও ছিল শেষ পর্যায়ে পাশাপাশি চলছিল বিয়ের অন্যান্য প্রস্তুতিও। এরই মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শুক্রবার বৃষ্টির অকাল মৃত্যু হলে দুই পরিবারেই উৎসবমুখর পরিবেশ উবে গিয়ে শোকের ছায়া নেমে আসে।
বৃষ্টির বোন মেঘনা ঘরামী জানান, সবুজের একান্ত ইচ্ছাতেই বৃষ্টির কপালে সিঁদুর পরানো হয়। বৌ হওয়ার স্বপ্ন দেখা বৃষ্টির আত্মা যদি কিছুটা শান্তি পায় সে কারণেই বৃষ্টি কে সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দেয়া।





