, ,

সামাজিক গল্প নীপুর মৃত্যু অসমাপ্ত গল্প

নিউজটি শেয়ার করুন

খুলনা নিরালার খাজা ম্যানশনের ছোট্ট হলঘর। ফ্যান ঘুরছে। বাইরে ঝিরঝির বৃষ্টি।

গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের উপস্থাপক মাইকে বললেন, “আজকের আবৃত্তি পর্বে আমরা নীপু ভাইকে মিস করব। আজ তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।”

এক সেকেন্ড নীরবতা। তারপর কারো কান্নার শব্দ। সামনের সারিতে বসা জাতীয় কবিতা পরিষদের সম্পাদক শেখ অলিউর রহমান ফিসফিস করে বললেন, “কালকেও তো বলছিল, ‘আগামী মাসে নতুন কবিতার বই বের করবে’।”

হলঘরের দেয়ালে ঝুলছে নীপুর একটা ছবি। সাদা পাঞ্জাবি। হাতে মাইক। চোখে আগুন। নিচে লেখা – “কবি প্রভাত মজুমদার নিপু”।

ছবির নিচে কেউ একটা কাগজ রেখে গেছে। নীপুর নিজের হাতের লেখা:
“সময় আমাকে ফাঁকি দেয় না,
আমি সময়কে ফাঁকি দিতে পারি না।
তাই বসে থাকি রাতের জানালায়,
একটা কবিতা আর এক কাপ চায়ের জন্য।”

কবিতাটা অসমাপ্ত ছিল।

নীপুকে যারা চিনতো তারা জানে, মানুষটা কতটা প্রাণবন্ত ছিল। খুলনা সাহিত্য মজলিসের শুক্রবারের আড্ডা, খুলনা সাহিত্য পরিষদের পত্রিকার মোড়ক উন্মোচন, জাতীয় কবিতা পরিষদের কবিতা উৎসব, গাঙচিল সংস্কৃতি সংস্কৃতি পরিষদের সকল অনুষ্ঠান- কোথায় নেই সে? সবখানেই প্রানবন্ত উপস্থিতি তার।যেখানে সাহিত্য, সেখানেই প্রভাত মজুমদার নীপু।

তিনি কবিতা লিখতেন, আবৃত্তি করতেন, আবার অনুষ্ঠানে কবিতার সমালোচনাও করতেন। বয়সে ছোট কবিদের ডেকে বলতেন, “এই লাইনটা দুর্বল হয়ে গেছে। আরেকবার ভাঙো।”
রাগ করত না কেউ। কারণ নীপুর গলায় রাগ ছিল না। ছিল মমতা।

তার কবিতা ছিল জীবনধর্মী। প্রেম ছিল। কিন্তু সেই প্রেমে বিরহ ছিল না, ছিল বাঁচার আকুতি। সময় ছিল। রাজপথ, রিকশাওয়ালা, বাজারের পেঁয়াজের দাম, মায়ের ওষুধ – সব ছিল তার কবিতায়।

খুলনা পাবলিক কলেজের এক ছাত্র একবার জিজ্ঞেস করেছিল, “নীপু কাকা, আপনি এত কবিতা লেখেন, টাকা পান?”
নীপু হেসে বলেছিল, “টাকা পাই না রে। মানুষ পাই। মানুষের চোখে পানি দেখলে মনে হয় কবিতা লেখা সার্থক।”

নীপু বিয়ে করেছিলেন বেশী বয়সে। ৪৫ পেরিয়ে। পাত্রী ছিলেন এক স্কুল শিক্ষিকা। নিঃসন্তান ছিলেন তারা। কিন্তু ঘরে অভাব ছিল না ভালোবাসার।

বন্ধুরা বলতো, “নীপু ভাই, এত দেরি করলেন কেন?” নীপু বলতো, “সময় আসলে নিজেই ডাক দেয়। জোর করে ডাকা যায় না।” বিয়ের পর দুই বছর ভালোই কাটছিল। তারপর শুরু হলো ঝামেলা।

নীপুর বাবার খুলনা সদরের কাছে কিছু জমি ছিল। পারিবারিক ব্যবসা ছিল – চালের আড়ত। পরিবারের সদস্যরা ভাবলেন, নীপুতো কবিতা নিয়ে থাকে। ব্যবসা বোঝে না। বিয়ে করেছে দেরিতে। ছেলেমেয়ে নাই। এই সম্পত্তি দিয়ে কী করবে?

আস্তে আস্তে ঘর থেকে বের হওয়ার পথ সংকুচিত হতে লাগল।
” মিটিং আছে” – বললে বলা হতো, “তুমি যাও, লাভ নাই।”
“ব্যবসার হিসাবটা দেখি” – বললে বলা হতো, “তোমার মাথায় ঢুকবে না।”

নীপু প্রতিবাদ করতো না। শুধু বলতো, “আমার কিছু লাগবে না। শুধু বাবার লেখার টেবিলটা দিয়ে দাও। ওখানে বসে আমি কবিতা লিখবো।”

টেবিলটাও দেয়নি কেউ।

এরপর থেকে নীপুর কবিতা বদলে গেলো।
আগের কবিতায় ছিলো নদী, নৌকা, প্রেমিকার চিঠি।
এখনকার কবিতায় এলো দেয়াল, তালা, বন্ধ দরজা।

খুলনা সাহিত্য পরিষদের এক আড্ডায় তিনি পড়েছিলেন:
“আমাকে আমার ঘরেই পরবাসী করা হয়েছে,
চাবি হাতে দাঁড়িয়ে আছি,
দরজা খোলে না কেউই।
বলে, কবি, তুমি ভাত দিতে পারবে না।
তাই কবিতাও লিখো না।”

হলে পিনপতন নীরবতা। কেউ হাততালি দেয়নি। কারণ সবাই বুঝেছিল, এটা কবিতা না, এটা নীপুর ডায়েরি।

তিনি সবসময় হতাশার কথা বলতেন। “ভাই, মানুষ এত নিষ্ঠুর কেন?” “সম্পত্তির জন্য ভাই ভাইকে চেনে না?”
বন্ধুরা বোঝাতো, “নীপু ভাই, ছাইড়েননা। আপনি লিখেন।”
নীপু মাথা নাড়াতো। “লিখিরে। কিন্তু লেখা তো পেট ভরায় না।”

শেষ এক বছর নীপু খুব দুশ্চিন্তায় ভুগছিলো। পারিবারিক দুশ্চিন্তা। সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা। পরিবার নিয়ে দুশ্চিন্তা। স্ত্রীকে কীভাবে রাখবেন সেই দুশ্চিন্তা।

ডাক্তার বলেছিল প্রেসার। ঘুমের ওষুধ দিয়েছিল। নীপু ওষুধ খেতো না। বলতো, “ঘুমালে যদি স্বপ্নে দেখি আমার বাবার টেবিলটা কেউ ভেঙে ফেলছে?”

তিনি এমনভাবে হতাশায় আবিষ্ট হয়ে গেলেন যে আড্ডায় আসা কমিয়ে দিলেন। ফোন ধরতেন না। বলতেন, “কথা বলতে ইচ্ছা করে না রে ভাই।”

শেষবার গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদে এসেছিলেন ১৫ই জুলাই। ৫ দিন আগে।
সেদিন আবৃত্তি করেননি। শুধু পিছনের চেয়ারে বসে সবার আবৃত্তি শুনেছেন। শেষে উঠে বলেছিলেন, “ভালো হইছে। তোমরা লিখে যাও।”

কেউ বোঝেনি এটা বিদায়।

২০শে জুলাই সকালে নীপু অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার যমদেবের সাথে লড়াই করেন এবং একসময় হাল ছেড়ে দেন। নূপু চিরদিনের মত চোখ বন্ধ করে।

ঘরে টেবিলের উপর একটা খাতা। খোলা।
শেষ কবিতা:
“আমাকে আর ডেকো না,
আমি চলে যাচ্ছি সেই বাড়িতে,
যেখানে আমার বাবার টেবিল আছে,
যেখানে কেউ বলে না ‘কবিতা বাদ দাও’।
আমাকে মাফ করো।
আমি হেরে গেলাম।”

পুলিশ এসেছে, সাংবাদিক এসেছে, আত্মীয়রা এসেছে। খুলনার সাহিত্যাঙ্গনের মানুষগুলোও এসেছে। তারা বিশ্বাসই করতে পারছিলো না যে, কবি প্রভাত মজুমদার নীপু নেই!

জাতীয় কবিতা পরিষদের সভাপতি লাশের পাশে বসে কাঁদতে কাঁদতে বললেন, “আমরা কী করলাম নীপু? তোমাকে বাঁচাতে পারলাম না?”

তার স্ত্রী। নিঃসন্তান মহিলা। এখন একা। সমাজে সে বড় অসহায়।

তার লাশের পাশে এক তরুণ কবি পাথর হয়ে দাঁড়িয়ে ছিল। সাংবাদিক জিজ্ঞেস করল, “কী ভাবছেন?”
ছেলেটা বলল, “ভাবছি, আমরা কবিতা নিয়ে আলোচনা করি। কবির পেট নিয়ে আলোচনা করি না। নীপু ভাই খাইছেন কিনা কেউ জিজ্ঞেস করিনি।” কথাটা শুনে গল্পকার নাসির আহমেদের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নীপুর মৃত্যুতে খুলনার সাহিত্যাঙ্গন হোঁচট খেলো।

আগের মতো নিয়মিত সাহিত্য আড্ডা হবে। কিন্তু চেয়ার একটা ফাঁকা থাকবে। আগের মতো কবিতা চর্চা হবে। কিন্তু আবৃত্তির আগে কেউ বলবে না, “নীপু ভাই, আপনি আগে শোনান।”

খুলনা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ সিদ্ধান্ত নিলো, প্রতি বছর ২০শে জুলাই “নীপু স্মরণ” হবে। খুলনা সাহিত্য পরিষদ তার অসমাপ্ত কবিতার খাতা ছাপানোর উদ্যোগ নিয়েছে।

নীপু মারা গেছে। কিন্তু প্রশ্ন রেখে গেছে।
আমরা কি একজন শিল্পীকে শুধু মঞ্চে চাই? আমরা কি তার পেটের খবর রাখি?
আমরা কি জানি তার ঘরে তালা কে লাগাচ্ছে? আমরা কি শুধু কবিতা শুনে হাততালি দিয়েই দায় শেষ করি?

নীপুর স্বজনরা এখন বলছেন, “আমরা বুঝিনি।” কিন্তু বোঝার সময় তো ছিল। বড্ডো দেরি হয়ে গেছে।

খুলনা সাহিত্য মজলিস আয়োজিত নীপুর স্মরণ সভা ও সাহিত্য অনুষ্ঠান। মঞ্চে নীপুর ছবি। নিচে একটা খাম। খামের ভেতর নীপুর শেষ চিঠি। তার স্ত্রী দিয়েছেন। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী হাকিম জোরে জোরে পড়লেন-

“আমার প্রিয় খুলনা,
তোমাদের কাছে আমি ঋণী। তোমরা আমাকে কবি বানিয়েছ।
আমি পারলাম না। সম্পত্তি, সংসার, সমাজ – সব আমার কাছে হেরে গেল।
কিন্তু তোমরা হেরো না।
যারা লিখছে তাদের পাশে থেকো। শুধু বই কিনো না, মানুষটাও কিনো।
আর হ্যাঁ, আমার বাবার টেবিলটা যদি কেউ পাও,
ওটাতে বসে একটা কবিতা লিখো।
আমার নামে।
ইতি,
নীপু”

হলে আবার নীরবতা। বাইরে বৃষ্টি। মঞ্চের পাশে রাখা একটা চা। ঠান্ডা হয়ে গেছে।
যেন কেউ এসে এক চুমুক দিয়ে আবার লিখতে বসবে।

কিন্তু সে আর আসবে না। নীপু নাই। কিন্তু তার কবিতা আছে। আর আমাদের লজ্জা আছে।