, ,

শেভরন বাঁশখালী শাখায় ডেঙ্গু সচেতনতা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামের বাঁশখালীতে ডেঙ্গু প্রতিরোধ, রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ এবং সঠিক সময়ে চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ডেঙ্গু বিষয়ক একটি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিজ (প্রা.) লিমিটেডের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে চিকিৎসক, গ্রাম ডাক্তার, ফার্মাসিস্ট, ওষুধ ব্যবসায়ী, স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার সাবেক সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শেভরন বাঁশখালী শাখার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ মীর মোশাররফ হোসাইন।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন শিশু বিশেষজ্ঞ ডা. ফররুখ আহমদ। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিজের পরিচালক আনিসুল আজম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ রাশেদুল করিম সুজন, ডাঃ হাবিবুল্লাহ, ডাঃ আশিষ, পরিচালক মুহাম্মদ আবদুল করিম, আবু নাঈম ও শাহাব উদ্দিনসহ সংশ্লিষ্টরা।
সেমিনারে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি রোগের প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দেওয়া জরুরি। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক চিকিৎসাসেবায় গ্রাম চিকিৎসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে নিজেদের সীমাবদ্ধতা চিহ্নিত করে জটিল রোগীদের দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক বা সরকারি হাসপাতালে রেফার করতে হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় ওষুধ ব্যবহার পরিহার করে রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন ইউনিয়নের গ্রাম চিকিৎসক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।