যশোরে হঠাৎ করেই শীতের দাপট বেড়েছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা তিন থেকে চার দিন ধরে জেলার ওপর দিয়ে বইছে ঠান্ডা বাতাস, ফলে স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটছে।
জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস জানায়, সকাল থেকেই ঘন কুয়াশা ও উত্তর দিকের বাতাসের কারণে শীতের অনুভূতি ছিল তীব্র। দুপুরে সূর্যের দেখা মিললেও রোদের তাপ খুব একটা অনুভূত হয়নি।
কুয়াশা এতটাই ঘন যে অনেক সময় বৃষ্টির ঝিরঝিরে ভাব তৈরি হচ্ছে। হিমেল হাওয়ায় মানুষসহ প্রাণিকুলও কাঁপছে। শীতের প্রভাবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ। বেলা বাড়লেও অনেকের ঘর থেকে বের হতে কষ্ট হচ্ছে।
এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত রোগের প্রকোপও দেখা দিচ্ছে। জ্বর, সর্দি-কাশির পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যাও বাড়ছে। চিকিৎসকেরা শীতকালীন অসুস্থতা এড়াতে গরম কাপড় ব্যবহার, গরম পানি পান এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দিচ্ছেন।



