আগামীকাল ২৭ নভেম্বর শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদাতবার্ষিকী। এ উপলক্ষে শহীদ মিলনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী ছাত্র গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ।
১৯৯০ সালের ২৭ নভেম্বর তৎকালীন সামরিক স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন ডা. শামসুল আলম খান মিলন। তিনি তৎকালীন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যুগ্ম সম্পাদক এবং ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ছিলেন।
ঘটনার দিন ডা. মিলন ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন রিকশাযোগে তৎকালীন পিজি হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় সন্ত্রাসীদের গুলিতে ডা. মিলন নিহত হন। তবে প্রাণে বেঁচে যান ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
ডা. মিলনের আত্মত্যাগের মধ্য দিয়ে সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও বেগবান হয় এবং চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যায়। তাঁর শাহাদাতের পর আন্দোলন নতুন গতি লাভ করে। নানা বাধা, জরুরি অবস্থা ও স্বৈরশাসকের দমন-পীড়ন উপেক্ষা করে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন ১৯৯০ সালের ৪ ডিসেম্বর চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।
পরবর্তী সময়ে ৬ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা ছাড়েন এবং নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। তৎকালীন প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ সেই সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্য দিয়ে দীর্ঘ সামরিক স্বৈরশাসনের অবসান ঘটে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়।
শহীদ ডা. মিলনের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। তাঁর স্মরণে প্রতিবছর ২৭ নভেম্বর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
এবারের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ’৯০-এর ছাত্র গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত তাঁর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করবেন।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সব ছাত্রনেতাকে উপস্থিত থাকার জন্য সনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন আয়োজক নেতৃবৃন্দ।




