, ,

লক্ষ্মীপুর চরশাহীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১০

নিউজটি শেয়ার করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী এলাকায় জাতীয় পরিচয়পত্র চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার চরশাহী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে উভয়পক্ষের সমর্থকরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী সদর হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এসময় হাসপাতাল এলাকায় সেনাবাহিনীকেও টহল দিতে দেখা যায়।

স্থানীয়রা বলছে, মহিলা জামায়াতের কয়েকজন দায়িত্বশীল নেএী বিএনপি নেতার বাড়িতে গিয়ে একজনের কাছে জাতীয় পরিচয়পত্র চাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার সূত্রপাত হয়।

আহতরা হলেন- চরশাহী ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি সাকিব হোসেন, সেক্রেটারি আব্দুর রহমান, ওয়ার্ড সভাপতি সোহেল, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা এমরান হোসেন ও শাহাদাত হোসেন খোকন এবং বিএনপি কর্মী রাসেল ভূঁইয়া, কামাল হোসেন ও রাসেল ভূঁইয়াসহ ১০ জন।

হামলার অভিযোগ এনে রাত সাড়ে ৮টার দিকে জামায়াত নেতাকর্মীরা শহরে মিছিল করেছেন। এতে দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ ঘটনায় জামায়াত ও বিএনপি নেতারা একে-অপরকে দোষারোপ করে পাল্টাপাল্টি বক্তব্য দেন।

চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি সম্পাদক রেজাউল করিম সুমন বলেন, বিকালে সৈয়দপুর গ্রামের একটি বাড়িতে জামায়াত ইসলামীর মহিলা শাখার উদ্যোগে কুরআন তেলাওয়াতের একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় দায়িত্বপ্রাপ্ত মহিলা জামায়াতের নারী নেত্রীরা নারী ভোটারদের কাছে জাতীয় পরিচয়পত্র চান এমন তথ্য ছড়িয়ে পড়ে। এসময় বিএনপির লোকজন আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন সমর্থক আহত হন।

সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান শরীফ বলেন, “মহিলা জামায়াতের দায়িত্বপ্রাপ্তরা বিএনপি নেতা বোরহান উদ্দিনের বাড়িতে ভোট চাওয়ার জন্য যায়। জামায়াতের নারী সদস্যরা সাধারণ মানুষের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর ও ভোটার আইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করছিলেন। এ খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে জামায়াতের লোকজন এসে আমাদের ওপর হামলা করে।”

সদর হাসপাতালের চিকিৎসক মো. আরমান হোসেন বলেন, “আহত অবস্থায় বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক জানান, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদর হাসপাতালেও পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আমরা সার্বিক পরিস্থিতি কঠোর নজরদারির মধ্যে রেখেছি।