, ,

রূপগঞ্জে স্টিল মিলের বিষাক্ত কালো ধোঁয়ায় বিপন্ন পরিবেশ, স্বাস্থ্যঝুঁকিতে মানুষ

নিউজটি শেয়ার করুন

রায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা ও আশপাশের এলাকায় গড়ে ওঠা ১৪টি স্টিল ও রি-রোলিং মিলের অধিকাংশ কারখানা থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ। দিন-রাত কারখানাগুলোর চিমনি ও বিভিন্ন ফাঁকফোকর দিয়ে বের হওয়া কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ছে আশপাশের জনপদ। এতে বায়ুদূষণের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা, পোশাক কারখানার শ্রমিক ও পথচারীরা।

স্থানীয়দের অভিযোগ, তারাবো পৌরসভা এলাকায় অবস্থিত আরবি স্টিল মিল, হাইটেক স্টিল অ্যান্ড রোলিং মিলস লিমিটেড, বিক্রমপুর স্টিল অ্যান্ড রি-রোলিং মিল, আল-ফালা স্টিল অ্যান্ড রি-রোলিং, আল-রাজি স্টিল অ্যান্ড রি-রোলিং মিল, কবির স্টিল মিল, আল-আরাফা স্টিল মিল, এএসআরএম স্টিল মিল, ছালছাবিল রি-রোলিং মিল, প্রিমিয়ার স্টিল অ্যান্ড রি-রোলিং ও মজুমদার স্টিল অ্যান্ড রি-রোলিং মিলসহ আশপাশের বিভিন্ন কারখানায় পরিবেশ ও শ্রমিক নিরাপত্তাসংক্রান্ত নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় এসব কারখানা পরিচালিত হওয়ায় প্রতিবাদ করতেও অনেকে সাহস পান না। প্রতিবাদ করলে হামলা ও মামলার শিকার হতে হয় বলেও অভিযোগ রয়েছে।

কারখানাগুলোতে ফার্নেস বা গলিত লোহার কাছে কর্মরত শ্রমিকদের জন্য তাপ-প্রতিরোধী পোশাক, হেলমেট, সেফটি জুতা, গ্লাভস ও প্রতিরক্ষামূলক চশমা ব্যবহার বাধ্যতামূলক হলেও অধিকাংশ ক্ষেত্রে তা মানা হচ্ছে না বলে অভিযোগ শ্রমিক ও স্থানীয়দের। পাশাপাশি পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র, জরুরি বহির্গমন পথ, শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করার ক্ষেত্রেও অবহেলার অভিযোগ রয়েছে।

এমনকি কোনো শ্রমিক দুর্ঘটনায় নিহত হলে যথাযথ ক্ষতিপূরণ না দিয়েই নানা কৌশলে মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। শ্রমিকদের দৈনিক আট ঘণ্টা কর্মঘণ্টা এবং অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম ভাতা দেওয়ার বিধান থাকলেও তা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।

এদিকে ফার্নেস থেকে নির্গত ধোঁয়া ও ধূলিকণা নিয়ন্ত্রণে এয়ার পলিউশন কন্ট্রোল সিস্টেম এবং দূষিত পানি পরিশোধনে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) কার্যকর রাখার কথা থাকলেও এসব ব্যবস্থার যথাযথ প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, কয়েকটি কারখানার অবকাঠামো জরাজীর্ণ। লোহার যন্ত্রাংশে মরিচার আস্তরণ পড়েছে। টিনের তৈরি সেডের ভেতরে চলছে পুরোনো লোহা গলানোর কাজ। কারখানায় ধোঁয়া নির্গমনের জন্য চিমনি থাকলেও বিভিন্ন স্থানের ফাঁকফোকর দিয়ে কালো ধোঁয়া বের হয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে চিমনির উচ্চতা কম হওয়ায় ধোঁয়া কারখানার ছাদ ও দেয়ালের ফাঁক দিয়েও বের হচ্ছে। ধোঁয়ার কালো আস্তরণ আশপাশের দেয়াল, গাছপালা ও বিভিন্ন স্থাপনায় জমে থাকতে দেখা যায়।

স্থানীয়দের দাবি, প্রতিদিন বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত এসব কারখানা থেকে ব্যাপক মাত্রায় কালো ধোঁয়া নির্গত হয়। এতে আশপাশের পোশাক কারখানার শ্রমিকদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে। এমনকি ধোঁয়ার কারণে কয়েকটি পোশাক কারখানায় স্বয়ংক্রিয় অগ্নিসংকেত বা ফায়ার অ্যালার্ম বেজে ওঠার ঘটনাও ঘটেছে।

কারখানাগুলোর বিষাক্ত কালো ধোঁয়ার প্রভাব পড়ছে ঢাকা-সিলেট মহাসড়কেও। আউখাবো, বলাইখা, আড়িয়াবো, বরপা ও মৈকুলী এলাকায় মহাসড়কের বিভিন্ন অংশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ছে। বরপা থেকে কর্ণগোপ ইউএস-বাংলা হাসপাতাল পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে ধোঁয়ার কারণে দৃশ্যমানতা কমে যাচ্ছে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, শুধু বায়ুদূষণ নয়, কারখানাগুলোর গরম ও দূষিত পানি আশপাশের খাল-বিল ও জলাশয়ে ফেলার কারণে পানিও দূষিত হচ্ছে। এতে পুকুর ও জলাশয়ের মাছ মারা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজমি ও গাছপালা। পরিবেশদূষণের কারণে অনেক বিদেশি পোশাক ক্রেতা এ এলাকা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দা নাইমুল ইসলাম বলেন, এসব কারখানা থেকে নির্গত কালো ধোঁয়ায় আশপাশের এলাকা কুয়াশাচ্ছন্ন ও অন্ধকার হয়ে থাকে। স্বাভাবিকভাবে চলাফেরা করাও কঠিন হয়ে পড়েছে।

আড়িয়াবো গ্রামের হোটেল ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, স্বাস্থ্যঝুঁকি নিয়েই এখানে ব্যবসা করতে হচ্ছে। প্রতিদিন বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত ধোঁয়া নির্গত হয়। শিশু ও নারীদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঘরে ঘরে সর্দি-কাশি ও শ্বাসকষ্ট লেগেই আছে।

কর্ণগোপ গ্রামের বাদল হোসেন বলেন, তাঁদের বাড়ির আমগাছে আগের মতো আম ধরছে না। সবজিও নষ্ট হয়ে যাচ্ছে। তিনি এসব সমস্যার জন্য স্টিল মিলের কালো ধোঁয়াকে দায়ী করেন। লোকালয়ে এ ধরনের বায়ুদূষণকারী প্রতিষ্ঠান কীভাবে চলছে, তা তাঁদের বোধগম্য নয়।

বলাইখা গ্রামের আলম হোসেন বলেন, মিলের চুল্লিতে পুরোনো লোহা গলানোর কারণে সব সময় ধোঁয়া বের হয়। দিনের বিভিন্ন সময়ে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকা অন্ধকার হয়ে যায়।

আড়িয়াবো গ্রামের গৃহবধূ আকলিমা আক্তার বলেন, স্টিল মিলের কালো ধোঁয়ার কারণে ভবনের ছাদে শুকাতে দেওয়া কাপড় কালো হয়ে যাচ্ছে। ঘরে ঘরে সর্দি-কাশি ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছে।

কর্ণগোপ গ্রামের সাইফুল ইসলাম বলেন, স্টিল মিলগুলো বায়ুদূষণের পাশাপাশি পানিও দূষিত করছে। কারখানার গরম ও দূষিত পানি খালে ছেড়ে দেওয়ায় আশপাশের পুকুর ও জলাশয়ের মাছ মারা যাচ্ছে। নষ্ট হচ্ছে কৃষিজমি।

মৈকুলী গ্রামের মেহদী হাসান বলেন, পরিবেশ অধিদপ্তরের কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শিল্পায়নের পাশাপাশি পরিবেশ এবং শ্রমিকদের নিরাপত্তাও সুরক্ষিত রাখতে হবে।

এওয়ান পোলারের ডিজাইন বিভাগের শহিদুল ইসলাম বলেন, স্টিল মিলের কালো ধোঁয়ার বিষয়ে বারবার পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এসব কারখানার ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে এবং পোশাক কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে।

তবে অভিযোগ অস্বীকার করে হাইটেক স্টিল মিলের সুপারভাইজার কাউসার আহমেদ বলেন, তাঁদের কারখানার পরিবেশগত ছাড়পত্র রয়েছে। কালো ধোঁয়া নির্গত হলে ছাড়পত্র দেওয়া হতো না। সব নিয়মনীতি মেনেই কারখানা পরিচালনা করা হচ্ছে।

প্রিমিয়ার স্টিল অ্যান্ড রি-রোলিং মিলের পরিচালক নাছির উদ্দিন বলেন, তাঁদের কারখানায় আধুনিক পদ্ধতিতে রড উৎপাদন করা হয়। চিমনির নির্ধারিত উচ্চতা ১০০ ফুট হলেও তাঁরা ১২০ ফুট উঁচু চিমনি ব্যবহার করছেন। বিধিবিধান ও আইন মেনেই তাঁদের কারখানার উৎপাদন কার্যক্রম চলছে।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ রতন নাহা বলেন, ধোঁয়া মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর প্রভাবে মানুষের সর্দি, কাশি ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। শ্বাসকষ্ট নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীর সংখ্যা ব্যাপক হারে বাড়ছে।

নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এএইচএম রাসেদ বলেন, পরিবেশ ও বায়ুদূষণ রোধে কারখানার চিমনি নির্দিষ্ট উচ্চতার হওয়া জরুরি। অন্যথায় পরিবেশদূষণের মাত্রা বাড়ে। ধোঁয়া যথাসম্ভব পরিশোধন করে বাতাসে ছাড়তে হবে। এর ব্যত্যয় ঘটলে তা পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। পরিবেশ ও বায়ুদূষণের জন্য দায়ী কারখানাগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আব্দুল্লাহ-বিন-শফিক বলেন, শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে এলাকার উন্নয়ন হয়। তবে পরিবেশের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। পরিবেশ ধ্বংস করে কোনো শিল্পকারখানা পরিচালনা করা যাবে না। তদন্ত করে ধোঁয়া নির্গমনের প্রকৃত কারণ চিহ্নিত করে দায়ী শিল্পকারখানার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিবেশদূষণ বন্ধ, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও দ্রুত পদক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।