নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বলেই ১৯৭১ সালে পাক-হানাদার বাহিনীর হাত থেকে দেশ স্বাধীন হয়ে বাংলাদেশ নামক ভূখণ্ডের জন্ম সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ূনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তার দূরদর্শী নেতৃত্ব ও দেশপ্রেমের কারণেই এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিজয় ছিনিয়ে আনতে পেরেছে।”
সভার শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

