সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহতে অবস্থিত বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সন্তোষজনক সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এবারের পরীক্ষায় ৮৮.৮৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর মোট ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়েছিল। তাদের মধ্যে ১৬ জন কৃতকার্য হয়েছে, ২ জন অকৃতকার্য হয়েছে এবং একজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি।
এবারের ফলাফলে বিশেষ সাফল্য দেখিয়েছে ছয়জন শিক্ষার্থী। তারা প্রত্যেকেই জিপিএ-৫ (এ+) অর্জন করেছে। প্রবাসের মাটিতে এমন সাফল্য প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি করেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রবাসে থেকেও শিক্ষার্থীদের এই অর্জন বাংলাদেশের শিক্ষার অগ্রযাত্রা ও মেধার ইতিবাচক দৃষ্টান্ত। এ সাফল্যের পেছনে শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ফলাফলে কৃতকার্য সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি আগামী দিনগুলোতে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল অর্জন করে দেশের সুনাম ও প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।







