, ,

রায়পুরায় শ্রমিক দল নেতা মুসা মিয়ার খোলা চিঠি

নিউজটি শেয়ার করুন

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি পাওয়ার পর নরসিংদী জেলা বিএনপির নেতৃবৃন্দের উদ্দেশ্যে একটি আবেগঘন খোলা চিঠি লিখেছেন রায়পুরা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ মুসা মিয়া। চিঠিতে তিনি নিজেকে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার দাবি করে, পুরো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
​চিঠি ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ রাজনৈতিক জীবনে ১৯৭৮ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত মোঃ মুসা মিয়া। এই দীর্ঘ পথচলায় তিনি একাধিকবার হামলা, মামলা ও কারাবরণের শিকার হয়েছেন। খোলা চিঠিতে এই প্রবীণ শ্রমিক দল নেতা উল্লেখ করেন— ২০২২ সালের ৭ ডিসেম্বর ঢাকার পল্টনে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আহত হন এবং পরবর্তীতে বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের সাথে কারাবন্দি ছিলেন।​সম্প্রতি শ্রীনিধি রেলগেট এলাকায় স্বতন্ত্র প্রার্থী জামাল আহমেদ চৌধুরীর সাথে একটি সৌজন্য সাক্ষাতের ছবিকে কেন্দ্র করে মুসা মিয়াকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে মুসা মিয়ার দাবি, এটি একটি পরিকল্পিত চক্রান্ত।
​সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোঃ মুসা মিয়া বলেন:​”যে ভোটকেন্দ্রে সাড়ে সাত হাজার ভোটার, সেখানে ওই স্বতন্ত্র প্রার্থী ভোট পেয়েছেন মাত্র ৩৭টি। আমার নিজের পরিবারেরই ভোট এর চেয়ে বেশি। আমি যদি সত্যিই উনার পক্ষে কাজ করতাম, তবে কি এত কম ভোট পড়ত? মূলত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমার জনপ্রিয়তা নষ্ট করতে এবং আমাকে দল থেকে দূরে রাখতেই এই চক্রান্ত করা হয়েছে।” তিনি পুরো বিষয়টির তথ্যভিত্তিক ও ন্যায়সঙ্গত মূল্যায়ন চেয়ে জেলা বিএনপি নেতাদের সুদৃষ্টি কামনা করেন।
​স্বতন্ত্র প্রার্থীর বক্তব্য ​বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সেদিন উনার (মুসা মিয়া) সাথে কেবল সৌজন্য সাক্ষাৎ হয়েছিল। সেখানে কোনো রাজনৈতিক আলোচনা বা নির্বাচনী আঁতাত হয়নি। ভোটের ফলাফল দেখলেই তো পরিষ্কার বোঝা যায় যে উনি আমার পক্ষে কোনো কাজ করেননি।”​জেলা শ্রমিক দলের পাল্টা দাবি​অন্য দিকে, দলীয় শৃঙ্খলাভঙ্গের বিষয়ে নরসিংদী জেলা শ্রমিকদলের সভাপতি মোঃ রবিউল ইসলাম রবি ভিন্ন দাবি করেছেন। তিনি জানান, নির্বাচনের সময় দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিন চৌধুরীর পক্ষে অবস্থান নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ ছিল মুসা মিয়ার বিরুদ্ধে।
​রবিউল ইসলাম রবি বলেন:​”অভিযোগ ওঠার পর আমি মুসা মিয়াকে ডেকে এনে কথা বললে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করেন। কিন্তু পরবর্তীতে আমাদের হাতে একটি ভিডিও ক্লিপ আসে, যেখানে স্বতন্ত্র প্রার্থীর সাথে তাঁর সম্পৃক্ততা প্রমাণিত হয়। শুধু তাই নয়, মুসা মিয়ার মাধ্যমেই ওই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটকেন্দ্রে এজেন্ট নিয়োগ করা হয়েছিল এবং নিয়োগকৃত এজেন্টরা নিজেরাও মুসা মিয়ার নির্দেশে কাজ করার সত্যতা স্বীকার করেছে।”
​দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করা এই নেতার আকস্মিক অব্যাহতি এবং পাল্টা ষড়যন্ত্রের অভিযোগে বর্তমানে রায়পুরার স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।