মোঃ মোজাফফর হোসেন মুন্না, মাগুরা: শারদীয় দুর্গাপূজা-২০২৬ ঘিরে শ্রীপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) শ্রীপুর থানা প্রাঙ্গণে আয়োজিত ব্রিফিং প্যারেডে পূজামণ্ডপের নিরাপত্তা এবং দায়িত্ব পালনে সতর্কতার ওপর গুরুত্বারোপ করা হয়।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মোঃওলি মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিপিএম সেবা, অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ অতিঃদাঃক্রাইম এ্যান্ড অপস) মাগুরা থান্দার খায়রুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি বদরুল আলম হিরো, সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ রিনা খাতুন।
শ্রীপুর থানার এস আই আরিফুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, শ্রীপুর থানা অফিসার ইনচার্জ( তদন্ত) আতাউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মিন্টু, খন্দকার খলিলুর রহমান ও মোল্লা খলিলুর রহমান, সাবেক প্রচার সম্পাদক হেমায়েত হোসেন জঙ্গি, উপজেলা যুব দলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রথীন্দ্র নাথ বিশ্বাস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ,পূজা মন্ডবের সভাপতি ও সেক্রেটারি, পুলিশবাহিনী, আনসার সদস্যগণ,গ্রামপুলিশ ও ভিডিপির সদস্য বৃন্দসহ গণ্যমান্য বক্তিবর্গ।
ব্রিফিংয়ে পূজামণ্ডপে আগত ভক্ত, দর্শনার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও আনসার সদস্যদের প্রস্তুত থাকার ওপর জোর দেওয়া হয়। দায়িত্ব পালনের ক্ষেত্রে পারস্পরিক সমন্বয়, পেশাদারত্ব এবং দ্রুত পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
পূজামণ্ডপের আশপাশে নজরদারি, গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে নিরাপত্তা নিশ্চিত করা, সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ এবং প্রতিমা বিসর্জনের সময় শৃঙ্খলা বজায় রাখাকে নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়। একই সঙ্গে পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন এবং প্রয়োজনীয় নজরদারির ব্যবস্থা রাখার বিষয়টি তুলে ধরা হয়।
ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে গুজব, অপপ্রচার কিংবা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার ওপরও গুরুত্বারোপ করা হয়। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা, পূজা উদ্যাপন কমিটির সহযোগিতা এবং সর্বস্তরের মানুষের পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে মাগুরায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপিত হবে।






