, ,

মহেশপুরে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক রাস্তা বন্ধের অভিযোগ: চরম ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

নিউজটি শেয়ার করুন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পূর্বের আদেশের তোয়াক্কা না করে জোরপূর্বক যাতায়াতের রাস্তা বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে বিবাদী পক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বিধান চন্দ্র ঘোষ।
​গত ১৪ মে, ২০২৬ তারিখে উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা বিধান চন্দ্র ঘোষ এই অভিযোগটি দাখিল করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী বিধান চন্দ্র ঘোষ ৫০নং ভোলাডাঙ্গা মৌজার ১৮৮ নং খতিয়ানের ৯৫৫ নং দাগের ২৫ শতক জমি দলিলমূলে ক্রয় করে সেখানে বসতবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছেন। ওই বাড়ি থেকে যাতায়াতের জন্য একটি নির্দিষ্ট রাস্তা রয়েছে।
​অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি প্রতিবেশী রশিদুল ইসলাম (পিতা: মমিনুর রহমান) সিমেন্টের পিলার ও টিনের চালা দিয়ে ওই চলাচলের পথটি বন্ধ করে দেন। এ বিষয়ে ভুক্তভোগী পূর্বে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে বিবাদী পক্ষকে ওই পিলার ও টিনের চালা সরিয়ে রাস্তা উন্মুক্ত করার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ।
​কিন্তু অভিযোগকারীর দাবি, প্রশাসনের সেই নির্দেশনার তোয়াক্কা না করে বিবাদী রশিদুল ইসলাম অদ্যাবধি অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেননি। বরং পূর্বের মতোই জোরপূর্বক রাস্তাটি বন্ধ করে রেখেছেন। এতে করে ভুক্তভোগী ও তার পরিবার বর্তমানে অবরুদ্ধ অবস্থায় চরম মানবেতর জীবনযাপন করছেন।
​ভুক্তভোগী বিধান চন্দ্র ঘোষ জানান, তিনি অত্যন্ত অসহায় ও অভাবী মানুষ। রাস্তাটি বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় কাজে যাতায়াত করতে চরম ভোগান্তিতে পড়ছেন তিনি। স্থানীয় প্রভাবশালী বিবাদীর এমন কর্মকাণ্ডে বিচারপ্রার্থী হয়ে তিনি পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আকুল আবেদন জানিয়েছেন।
​উপজেলা প্রশাসনের নিকট দ্রুত তদন্ত সাপেক্ষে বিবাদীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ ও চলাচলের রাস্তাটি অবমুক্ত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল।