, ,

মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও বাসস্থান নির্মাণের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের

নিউজটি শেয়ার করুন

 

দুই মাস ভাড়া মওকুফ, এক বছরের আগে উচ্ছেদ নয়; খাবার, চিকিৎসা ও আর্থিক সহায়তার উদ্যোগ

 

ঢাকা, ১৮ নভেম্বর ২০২৬: রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তাৎক্ষণিক খাদ্য, চিকিৎসা, আর্থিক সহায়তা ও পুনর্বাসনের ঘোষণা দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন।

বুধবার বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

 

এর আগে সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে মহাখালীর সাততলা বস্তির একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি বৈদ্যুতিক শর্টসার্কিট, নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে সাংবাদিকদের জানান ডিএনসিসি প্রশাসক।

তিনি বলেন, এলাকার সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনায় ঘটনার পরপরই তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। প্রধানমন্ত্রীর একান্ত সচিব এবং ঢাকা-১৭ আসনের উন্নয়ন ও জনসেবা কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আব্দুর রহমান সানি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্প স্থাপন করেন।

 

ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা হিসেবে বুধবার দুপুর ও রাত এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল, দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ডিএনসিসির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত করে আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও বুধবার বিকেল ৩টায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

পুনর্বাসনের বিষয়ে ডিএনসিসি প্রশাসক জানান, ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ শেষ হওয়ার পরপরই সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের বাসস্থান আগের অবস্থায় দ্রুত পুনর্নির্মাণ করে দেওয়া হবে।

এ সময় তিনি ভূমির মালিকদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়ে বলেন, সরকার যেহেতু ক্ষতিগ্রস্তদের জন্য বাড়ি নির্মাণ করে দেবে, তাই আগামী দুই মাস ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছ থেকে কোনো ভাড়া নেওয়া যাবে না। একই সঙ্গে আগামী এক বছরের আগে তাদের উচ্ছেদ করা বা অন্যত্র চলে যাওয়ার কোনো নোটিশ দেওয়া যাবে না।

পুনর্বাসন ও সহায়তা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে একটি বিশেষ মনিটরিং সেল ও কমিটি গঠন করা হচ্ছে বলেও জানান তিনি। যাতে পুরো কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হবে।

ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু নিজ নির্বাচনী এলাকাতেই নয়, সারা দেশেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং তাদের বাসস্থান নির্মাণে সহায়তা করছেন।

 

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নৈতিক দায়িত্ববোধ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ডিএনসিসির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।