, ,

বুদ্ধিজীবীর দায়, বৌদ্ধিক একরৈখিকতার বিপদ এবং মানবিক রাষ্ট্রের স্বপ্ন

নিউজটি শেয়ার করুন

এক বুদ্ধিজীবী—ক্ষমতার মুখপাত্র, নাকি বিবেকের কণ্ঠস্বর?

সভ্যতার ইতিহাসে কিছু মানুষ রাষ্ট্র নির্মাণ করেন, কিছু মানুষ প্রতিষ্ঠান নির্মাণ করেন, আর কিছু মানুষ নির্মাণ করেন চিন্তার ভূগোল; এঁরাই  বুদ্ধিজীবী। তাঁদের হাতে অস্ত্র থাকে না, থাকে ভাষা; তাঁদের ক্ষমতা প্রশাসনিক নয়, নৈতিক; তাঁদের পরিচয় পদমর্যাদায় নয়, সত্যের প্রতি দায়বদ্ধতায়। একটি সমাজের নৈতিক অবস্থা, তার আত্মসমালোচনার ক্ষমতা এবং ভবিষ্যৎ কল্পনার শক্তি অনেকাংশেই নির্ভর করে এই মানুষদের ওপর।

কিন্তু বুদ্ধিজীবী কাকে বলা যায়? বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, লেখক বা শিল্পী হলেই কি তিনি বুদ্ধিজীবী? নাকি বুদ্ধিজীবিতা একটি নৈতিক অবস্থান, যেখানে জ্ঞান শুধু পেশা নয়, জনজীবনের প্রতি এক দায়?
ঊনবিংশ শতাব্দীর শেষভাগে এমিলি জোলা’র বিখ্যাত খোলা চিঠি J’Accuse…! আধুনিক বুদ্ধিজীবীর ধারণাকে নতুন মাত্রা দেয়। রাষ্ট্র যখন অন্যায়কে আড়াল করছিল, তখন জোলা নিজের সামাজিক মর্যাদা, নিরাপত্তা এবং জনপ্রিয়তার ঝুঁকি নিয়ে সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন। সেই মুহূর্তে ‘বুদ্ধিজীবী’ শব্দটি শুধু জ্ঞানচর্চার পরিচয় নয়, নৈতিক সাহসের প্রতীক হয়ে ওঠে।

পরবর্তীকালে জুলিয়েন বেন্ডেলা তাঁর বিখ্যাত গ্রন্থ The Treason of the Intellectuals-এ এক কঠিন সতর্কবার্তা উচ্চারণ করেন। তাঁর মতে, যখন বুদ্ধিজীবী সত্য ও ন্যায়ের পরিবর্তে দলীয় আবেগ, জাতিগত অহংকার কিংবা ক্ষমতার স্বার্থে নিজেকে সমর্পণ করেন, তখন তিনি তাঁর ঐতিহাসিক দায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। বুদ্ধিজীবীর প্রথম আনুগত্য কোনো দল, সরকার, গোষ্ঠী বা বাজারের প্রতি নয়; তাঁর প্রথম আনুগত্য সত্য ও ন্যায়ের প্রতি।
এই ভাবনাকে আরও গভীর করেন এডওয়ার্ড সাঈদ। তাঁর কাছে বুদ্ধিজীবী সেই ব্যক্তি, যিনি প্রতিষ্ঠানের নিরাপদ আশ্রয়ে নয়, বিবেকের অস্বস্তিকর ভূখণ্ডে অবস্থান করেন। তিনি জনপ্রিয়তার বিনিময়ে নীরবতা কেনেন না; বরং প্রয়োজনে একাকী হয়েও প্রশ্ন তোলেন। কারণ সত্যের পথ করতালির নয়।
এই প্রশ্ন আজ আরও জরুরি হয়ে উঠেছে। কারণ আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে তথ্যের বিস্ফোরণ ঘটেছে, কিন্তু স্বাধীন চিন্তার বিস্তার সেই অনুপাতে ঘটেনি। জ্ঞানের বিস্তৃতি বেড়েছে, কিন্তু জিজ্ঞাসার সাহস কি বেড়েছে? মতামতের সংখ্যা বেড়েছে, কিন্তু সমালোচনামূলক চিন্তার গভীরতা কি বৃদ্ধি পেয়েছে? এই প্রশ্নগুলো কেবল একাডেমিক নয়; একটি গণতান্ত্রিক সমাজের অস্তিত্বের প্রশ্ন।

এখানেই হচ্ছে মুক্তবুদ্ধির ধারণা। মুক্তবুদ্ধি মানে কোনো মতাদর্শহীনতা নয়; যা এমন এক বৌদ্ধিক সততা, যেখানে নিজের বিশ্বাসকেও প্রশ্ন করার সাহস থাকে। জন স্টুয়ার্ট মিল তাঁর On Liberty গ্রন্থে লিখেছিলেন, কোনো মতকে চ্যালেঞ্জ করার সুযোগ না থাকলে সত্যও ধীরে ধীরে প্রাণহীন মতবাদে পরিণত হয়। ভিন্নমতকে দমন করা মানে একটি কণ্ঠকে নীরব করা নয়; সত্যের বিকাশের সম্ভাবনাকেও সংকুচিত করা।
এ কারণেই প্রকৃত বুদ্ধিজীবী কখনো নিজের মতকে চূড়ান্ত বলে ঘোষণা করেন না। তিনি জানেন, জ্ঞান হচ্ছে চলমান সংলাপ। প্রশ্নহীন নিশ্চিত্য মূলত জ্ঞানের নয়, মতাদর্শের বৈশিষ্ট্য।

দুর্ভাগ্যজনকভাবে, আধুনিক সমাজে আরেকটি প্রবণতা ক্রমশ দৃশ্যমান হচ্ছে—বৌদ্ধিক একরৈখিকতা। এ এমন এক অবস্থা, যেখানে মতের বৈচিত্র্য ধীরে ধীরে সংকুচিত হয় এবং একটি নির্দিষ্ট ব্যাখ্যা, নির্দিষ্ট ভাষ্য কিংবা নির্দিষ্ট মতাদর্শ সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে অতিরিক্ত প্রভাব বিস্তার করতে শুরু করে। যা সবসময় কোনো দৃশ্যমান ষড়যন্ত্র নয়; অনেক সময় এটি তৈরি হয় একই ধরনের শিক্ষা, একই সামাজিক পরিমণ্ডল, একই তথ্যপ্রবাহ এবং পারস্পরিক অনুমোদিত সংস্কৃতির মাধ্যমে।

একটি গুরুত্বপূর্ণ পার্থক্য মনে রাখা প্রয়োজন। বৌদ্ধিক একরৈখিকতা মানেই কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ নয়। এ হচ্ছে কাঠামোগত ঝুঁকি—যেখানে ভিন্নমত প্রকাশ ক্রমে কঠিন হয়ে ওঠে, আত্মসমালোচনা দুর্বল হয় এবং প্রশ্ন করার চেয়ে সম্মতি দেওয়া বেশি নিরাপদ বলে মনে হয়। ফলে জ্ঞানচর্চা ধীরে ধীরে অনুসন্ধানের পরিবর্তে পুনরাবৃত্তিতে পরিণত হয়।
এ বাস্তবতাকে বোঝার জন্য আমাদের আবেগের নয়, দর্শনের সহায়তা নিতে হবে। কারণ প্রকৃত বুদ্ধিজীবীর কাজ পক্ষ নির্বাচন নয়; বরং সত্য অনুসন্ধানের এমন একটি পরিবেশ রক্ষা করা, যেখানে বহু মত একসঙ্গে সহাবস্থান করতে পারে।
আমাদের বাঙালি মননে এই ঐতিহ্য সুদীর্ঘকালের। রবীন্দ্রনাথ ‘চিত্ত যেথা ভয়শূন্য’এর স্বপ্ন দেখেছিলেন, তা কেবল রাজনৈতিক স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল না; ছিল বৌদ্ধিক স্বাধীনতারও ঘোষণা। আর কাজী আবদুল ওয়াদুদ যুক্তি, আত্মসমালোচনা এবং মুক্তবিচারকে একটি সুস্থ সমাজের অপরিহার্য ভিত্তি হিসেবে দেখেছিলেন। তাঁদের উত্তরাধিকার আমাদের স্মরণ করিয়ে দেয়—দেশকে ভালোবাসা মানে প্রশ্ন করার অধিকারকে ভালোবাসা; কারণ প্রশ্নহীন আনুগত্য নাগরিক গুণ নয়, বুদ্ধিবৃত্তিক স্থবিরতার সূচনা।

আজ আমাদের বড় প্রয়োজন এমন বুদ্ধিজীবী, যিনি রাষ্ট্রের সমালোচনা করতে যেমন সাহসী, তেমনি নিজের প্রিয় মতাদর্শের সীমাবদ্ধতাও স্বীকার করতে সক্ষম। যিনি জনপ্রিয়তার নয়, সত্যের পক্ষে দাঁড়াবেন; গোষ্ঠীর নয়, মানুষের পক্ষে কথা বলবেন এবং যিনি মনে করবেন—বিবেকের স্বাধীনতা ছাড়া জ্ঞানের স্বাধীনতা অসম্পূর্ণ।

এ কারণেই মূল প্রশ্নটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ঘিরে নয়। মূল প্রশ্ন হলো—আমরা কি এমন একটি বৌদ্ধিক সংস্কৃতি নির্মাণ করছি, যেখানে ভিন্নমতকে সম্মান করা হয়, নাকি এমন এক পরিবেশ তৈরি করছি, যেখানে নীরব সম্মতিই নিরাপদ? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে আমাদের গণতন্ত্রের গভীরতা, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি এবং আমাদের ভবিষ্যৎ নাগরিকতার মান।

দুই

বৌদ্ধিক একরৈখিকতা, গোষ্ঠীচিন্তা এবং স্বাধীন বিচারবোধের সংকট

একটি সমাজে চিন্তার বৈচিত্র্য যত কমে, নীরবতার মূল্য তত বাড়ে। আর নীরবতা যখন প্রজ্ঞার চেয়ে বেশি পুরস্কৃত হতে শুরু করে, তখন বুঝতে হবে সংকট কেবল রাজনৈতিক নয়; বুদ্ধিবৃত্তিকও।

ইতিহাসের বহু সন্ধিক্ষণে সভ্যতার বড় বিপর্যয় শুরু হয়েছে চিন্তার অবসান দিয়ে নয়, বরং চিন্তার একরৈখিকতা দিয়ে—যেখানে প্রশ্নকে অস্বস্তিকর, দ্বিমতকে অবিশ্বস্ত এবং সমালোচনাকে আনুগত্যহীনতা হিসেবে দেখা হয়েছে।

এই বাস্তবতাকে বোঝার জন্য আন্তর্জাতিক বুদ্ধিবৃত্তিক পরিসরে কয়েকটি গুরুত্বপূর্ণ ধারণা রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে  গোষ্ঠীচিন্তা (Groupthink)। মনোবিজ্ঞানী ইর্ভিং জেনিস দেখিয়েছিলেন, যখন একটি গোষ্ঠীর মধ্যে ঐকমত্য বজায় রাখার আকাঙ্ক্ষা এত প্রবল হয়ে ওঠে যে সদস্যরা ভিন্নমত প্রকাশে অনীহা বোধ করেন, তখন সিদ্ধান্তের মান কমে যায়। ভুল তথ্য, অসম্পূর্ণ বিশ্লেষণ এবং নৈতিক বিচ্যুতি—সবই তখন সহজে গ্রহণযোগ্য হয়ে ওঠে।

গোষ্ঠীচিন্তার সবচেয়ে বিপজ্জনক দিক হলো, এটি সচরাচর ষড়যন্ত্রের মাধ্যমে তৈরি হয় না। বরং এটি জন্ম নেয় একটি মনস্তাত্ত্বিক স্বস্তি থেকে। মানুষ নিজের মতো মানুষের সঙ্গে থাকতে চায়, নিজের বিশ্বাসকে সমর্থন করে এমন তথ্য শুনতে চায় এবং বিরোধী যুক্তিকে এড়িয়ে যেতে চায়। এই স্বাভাবিক প্রবণতাই ধীরে ধীরে বৌদ্ধিক পরিসরকে সংকুচিত করে।
ডিজিটাল যুগে এই প্রবণতা আরও জটিল রূপ নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম আমাদের এমন বিষয়বস্তু বেশি দেখায়, যা আমাদের আগের পছন্দ ও বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে তৈরি হয় ইকো চেম্বার—প্রতিধ্বনির এক মানসিক পরিসর, যেখানে আমরা নতুন তথ্যের চেয়ে নিজের মতের পুনরাবৃত্তিই বেশি শুনি। মতের পার্থক্য তখন আর সংলাপের সুযোগ নয়; সংঘাতের কারণ হয়ে ওঠে।

কিন্তু বৌদ্ধিক একরৈখিকতা কেবল প্রযুক্তির ফল নয়। এর গভীরে রয়েছে ক্ষমতা, সংস্কৃতি এবং প্রতিষ্ঠানের সম্পর্ক। এখানে Antonio Gramsci-এর সাংস্কৃতিক আধিপত্য (Cultural Hegemony) ধারণাটি গুরুত্বপূর্ণ। গ্রামশি দেখিয়েছিলেন, ক্ষমতা কেবল আইন বা বলপ্রয়োগের মাধ্যমে টিকে থাকে না; যা টিকে থাকে তখনই, যখন সমাজের একটি প্রভাবশালী চিন্তাধারা নিজেকে ‘স্বাভাবিক’ বা ‘একমাত্র গ্রহণযোগ্য’ হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়।

এ ধারণাকে প্রায়শ ভুল বোঝা হয়। সাংস্কৃতিক আধিপত্য মানে কোনো একটি নির্দিষ্ট মতাদর্শকে দোষারোপ করা নয়; এ হচ্ছে এমন একটি বিশ্লেষণাত্মক কাঠামো, যা আমাদের শেখাতে পারে—যে কোনো প্রভাবশালী গোষ্ঠী, যে কোনো সময়ে, নিজের ভাষ্যকে সাধারণ সত্য হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে পারে। তাই মুক্তবুদ্ধির কাজ কেবল ক্ষমতাসীনকে প্রশ্ন করা নয়; যে কোনো প্রশ্নহীন ‘সাধারণ সত্য’-কেও পরীক্ষা করা।

এ জন্যে কার্ল পোপার তাঁর উন্মুক্ত সমাজ (Open Society)-এর ধারণায় যুক্তি দেন যে, একটি সুস্থ সমাজের শক্তি তার ভুল না করার মধ্যে নয়, বরং নিজের ভুল সংশোধনের ক্ষমতার মধ্যে।
যে সমাজ সমালোচনাকে ভয় পায়, সে সমাজ ধীরে ধীরে নিজেকেই সংশোধনের ক্ষমতা হারায়। সেখানে মতের বৈচিত্র্যকে বিপদ হিসেবে দেখা হয়, অথচ বাস্তবে সেটিই জ্ঞানের বিকাশের প্রধান শর্ত।

একই সতর্কতা উচ্চারণ করেছিলেন হ্যানাথ এরেন্ড। তাঁর বিশ্লেষণে দেখা যায়, চিন্তার স্বাধীনতা হারিয়ে গেলে মানুষ সব সময় নিষ্ঠুর হয়ে ওঠে না; অনেক সময় সে কেবল চিন্তা করাই বন্ধ করে দেয়। এই চিন্তাহীন আনুগত্য—যেখানে মানুষ নিজের বিবেকের পরিবর্তে গোষ্ঠীর বিবেক ধার করে—একটি গণতান্ত্রিক সমাজের জন্য গভীর বিপদের কারণ হতে পারে।
এখানেই প্রকৃত বুদ্ধিজীবীর ভূমিকা অনন্য।
তিনি কোনো মতাদর্শের প্রচারক নন; আবার মতাদর্শহীনও নন। তাঁর অবস্থান হলো সমালোচনামূলক আনুগত্যের অবস্থান। তিনি মূল্যবোধে দৃঢ় থাকেন, কিন্তু নিজের পক্ষের ভুলকেও প্রশ্ন করেন। কারণ যে চিন্তা আত্মসমালোচনা করতে পারে না, তা শেষ পর্যন্ত মতবাদে পরিণত হয়; আর যে মতবাদ প্রশ্নকে ভয় পায়, তা ধীরে ধীরে স্বাধীনতাকেও ভয় পেতে শুরু করে।

আজকের বিশ্বে মেরুকরণ ক্রমশ বাড়ছে। রাজনৈতিক পরিচয়, ধর্মীয় পরিচয়, সাংস্কৃতিক পরিচয় কিংবা মতাদর্শিক পরিচয়—সব ক্ষেত্রেই আমরা প্রায়শ এমন এক অবস্থায় পৌঁছে যাই, যেখানে যুক্তির চেয়ে পরিচয় বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তখন বক্তব্যের সত্যতা নয়, বক্তার পরিচয়ই তার গ্রহণযোগ্যতা নির্ধারণ করে। এই প্রবণতা জ্ঞানচর্চার জন্য ভয়ংকর রকম ক্ষতিকর।
মুক্তবুদ্ধির প্রকৃত পরীক্ষা এখানেই। আমি কি এমন একটি লেখা পড়তে প্রস্তুত, যার সঙ্গে আমি একমত নই? আমি কি এমন একজন চিন্তাবিদের কাছ থেকেও কিছু শেখার মানসিকতা রাখি, যাঁর রাজনৈতিক অবস্থানের সঙ্গে আমার মতভেদ আছে? আমি কি নিজের বিশ্বাসকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতে রাজি? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করে একজন মানুষ প্রকৃত অর্থে মুক্তবুদ্ধির চর্চা করছেন কি না।

সুতরাং বৌদ্ধিক একরৈখিকতার বিরুদ্ধে সংগ্রাম কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রাম নয়; এ হলো বুদ্ধিবৃত্তিক বিনয়ের পক্ষে সংগ্রাম। এটি সেই বিশ্বাসের পক্ষে দাঁড়ানো যে কোনো মানুষ, কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো মতাদর্শ সত্যের একচ্ছত্র মালিক নয়। সত্যের কাছে পৌঁছানোর সবচেয়ে নির্ভরযোগ্য পথ হলো অবিরাম প্রশ্ন, যুক্তিপূর্ণ বিতর্ক এবং ভিন্নমতের প্রতি যথার্থ শ্রদ্ধা।

এ কারণেই একটি গণতান্ত্রিক সমাজে সবচেয়ে মূল্যবান নাগরিক তিনি নন, যিনি সর্বদা সম্মতি দেন; বরং তিনি, যিনি যুক্তি, নৈতিকতা এবং মানবিকতার ভিত্তিতে প্রশ্ন তোলার সাহস রাখেন।

তিন

দেশপ্রেম, মানবিকতা এবং মুক্তবুদ্ধির ভবিষ্যত

একটি জাতির ইতিহাসে এমন সময় আসে, যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করা হয় না—কোন মতাদর্শ জয়ী হবে কিংবা কোন মূল্যবোধ টিকে থাকবে। কারণ রাষ্ট্রের নীতি পরিবর্তিত হতে পারে, রাজনৈতিক শক্তির পালাবদল ঘটতে পারে, অর্থনীতির উত্থান-পতন ঘটতে পারে; কিন্তু যদি একটি সমাজ তার স্বাধীন বিচারবোধ হারায়, তবে সেই ক্ষতি পূরণ করতে বহু প্রজন্ম লেগে যায়।

আমাদের সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে মতের বহুত্বকে ধারণ করার ক্ষমতা। গণতন্ত্র কেবল নির্বাচন, সংসদ বা সংবিধানের মধ্যেই সীমাবদ্ধ নয়; গণতন্ত্র সবসময় বুদ্ধিবৃত্তিক সংস্কৃতি। সেই সংস্কৃতির প্রাণ হলো—ভিন্নমতের নিরাপত্তা।
যে সমাজে মানুষ প্রশ্ন করতে ভয় পায়, সেখানে আইনের শাসন থাকলেও চিন্তার শাসন থাকে না। আর যেখানে চিন্তার স্বাধীনতা সংকুচিত হয়, সেখানে সৃজনশীলতা, গবেষণা এবং নৈতিক নেতৃত্বও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে।

এ কারণে দেশপ্রেমের ধারণাটিকেও নতুন করে ভাবতে হবে। প্রকৃত দেশপ্রেম কখনো অন্ধ আনুগত্যের নাম নয়। দেশপ্রেম মানে দেশের মর্যাদা রক্ষা করা, কিন্তু সেই মর্যাদার ভিত্তি যদি সত্য, ন্যায় ও মানবিকতা না হয়, তবে দেশপ্রেম সহজেই আবেগে সীমাবদ্ধ হয়ে পড়ে। একজন নাগরিক দেশের ভুল দেখতে পারেন, তবু দেশকে ভালোবাসতে পারেন; অনেক সময় কঠিন সমালোচনাই গভীর ভালোবাসার প্রকাশ।

রবীন্দ্রনাথ জাতীয় চেতনার গুরুত্ব অস্বীকার করেননি; কিন্তু তিনি সতর্ক করেছিলেন, যখন জাতীয়তাবাদ মানুষের বিবেককে গ্রাস করে, তখন তা মানবতার প্রতিপক্ষ হয়ে উঠতে পারে।
তাঁর কাছে মানুষের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার পরিপূরক, প্রতিদ্বন্দ্বী নয়। অন্যদিকে বার্টান্ড রাসেল বারবার বলেছেন, সভ্যতার অগ্রগতির জন্য সন্দেহ করার ক্ষমতা অপরিহার্য। যে সমাজ প্রশ্নকে অপছন্দ করে, সে সমাজ ভুলকেও দীর্ঘস্থায়ী করে তোলে।

বাংলার মননজগতে কাজী আবদুল ওয়াদুদ মুক্তবুদ্ধিকে কেবল দার্শনিক অবস্থান হিসেবে দেখেননি; তিনি তা জাতীয় পুনর্জাগরণের শর্ত হিসেবে বিবেচনা করেছিলেন। তাঁর মতে, যে সমাজ যুক্তির চর্চা করে না, সে সমাজ কুসংস্কার, অন্ধ আনুগত্য এবং মানসিক স্থবিরতার শিকার হয়।

আজ তাঁর সেই সতর্কতা নতুন অর্থে ফিরে এসেছে।
বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশেও আজ বিশ্ববিদ্যালয়, সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক পরিসরে গুরুত্বপূর্ণ বিতর্ক চলছে—কীভাবে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা যায়, আবার একই সঙ্গে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ জনপরিসরও গড়ে তোলা যায়। এই বিতর্কের কোনো সহজ উত্তর নেই। তবে একটি বিষয় পরিষ্কার, ভিন্নমতকে দমন করে কখনো সুস্থ বুদ্ধিবৃত্তিক পরিবেশ তৈরি করা যায় না। আবার মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে ইচ্ছাকৃত অসত্য বা বিদ্বেষ ছড়ানোও স্বাধীনতার আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই স্বাধীনতা ও দায়িত্ব—দুটোকেই একসঙ্গে ধারণ করতে হয়।
এখানেই একজন প্রকৃত বুদ্ধিজীবীর পরিচয় স্পষ্ট হয়। তিনি জনপ্রিয়তার জন্য লেখেন না, আবার নিছক বিরোধিতার জন্যও লেখেন না। তিনি এমন এক নৈতিক অবস্থানে দাঁড়ান, যেখানে সত্যের প্রতি আনুগত্য কোনো দলীয় আনুগত্যের চেয়ে বড় হয়ে ওঠে। তাঁর কাজ সমাজকে বিভক্ত করা নয়; বরং সমাজকে আরও গভীরভাবে ভাবতে বাধ্য করা।

আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যদি প্রশ্নের চেয়ে মুখস্থবিদ্যাকে বেশি গুরুত্ব দেয়, যদি গবেষণার চেয়ে আনুগত্য বেশি পুরস্কৃত হয়, যদি সংবাদমাধ্যমে যুক্তির পরিবর্তে মেরুকরণ বেশি প্রাধান্য পায়, যদি সাংস্কৃতিক অঙ্গনে মতের বৈচিত্র্যের পরিবর্তে পরিচয়ের বৈধতা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে—তাহলে আমরা ধীরে ধীরে এমন এক বৌদ্ধিক পরিবেশের দিকে এগোব, যেখানে প্রতিভার চেয়ে অনুকরণ, কৌতূহলের চেয়ে নিশ্চয়তা এবং সংলাপের চেয়ে প্রতিধ্বনি বেশি শক্তিশালী হবে।

তাই, আমাদের প্রয়োজন মুক্তবুদ্ধির নৈতিকতা।
এই নৈতিকতা বুঝিয়ে দেয়—কোনো ধারণাকে তার উৎস দেখে নয়, তার যুক্তি দিয়ে বিচার করতে; কোনো মানুষকে তার পরিচয় দিয়ে নয়, তার বক্তব্য দিয়ে মূল্যায়ন করতে এবং কোনো ক্ষমতাকে তার শক্তি দিয়ে নয়, তার ন্যায়সংগততা দিয়ে পরিমাপ করতে।

একজন চিন্তাশীল দেশপ্রেমিক বুদ্ধিজীবীর কয়েকটি মৌলিক বৈশিষ্ট্য থাকা প্রয়োজন।
তিনি সত্যকে ভালোবাসবেন, এমনকি যখন সেই সত্য তাঁর নিজের পূর্বধারণাকে অস্বস্তিতে ফেলে দেয়, তখন তিনি মানুষের মর্যাদাকে দল, মত, গোষ্ঠী কিংবা ব্যক্তিপূজার ঊর্ধ্বে স্থান দেবেন।

তিনি জানবেন যে, কোনো সভ্যতাই প্রশ্নহীন আনুগত্যের ওপর দাঁড়ায় না; দাঁড়ায় সমালোচনামূলক প্রজ্ঞা, নৈতিক সাহস এবং যুক্তিনিষ্ঠ সংলাপের ওপর।

তিনি মতের বৈচিত্র্যকে সংকট নয়, সম্পদ হিসেবে দেখবেন এবং তিনি কখনো ভুলে যাবেন না যে, ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তনগুলো এসেছে সেইসব মানুষের হাত ধরে, যারা সংখ্যাগরিষ্ঠের প্রতিধ্বনি হননি; বরং বিবেকের কণ্ঠস্বর হয়েছেন।

আজ আমাদের সামনে প্রশ্ন একটিই—আমরা কি এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে সবাই একই ভাষায় কথা বলবে, নাকি এমন একটি সমাজ, যেখানে ভিন্ন ভাষা, ভিন্ন মত এবং ভিন্ন চিন্তার মানুষও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একসঙ্গে ভবিষ্যৎ নির্মাণ করবে?

এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে আমাদের আগামী প্রজন্ম কেবল তথ্যসমৃদ্ধ হবে, নাকি সত্যিকার অর্থে প্রজ্ঞাবান হবে।
কারণ রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ প্রাকৃতিক সম্পদ নয়, স্বাধীন মানুষ। আর স্বাধীন মানুষের সবচেয়ে বড় পরিচয় তাঁর মুক্ত বিবেক। মুক্ত বিবেকের চর্চাই একটি মানবিক রাষ্ট্রের প্রথম শর্ত, একটি সৃজনশীল সমাজের ভিত্তি এবং একজন বুদ্ধিজীবীর সর্বোচ্চ পরিচয়।

স্বাধীন চৌধুরী: কবি,প্রাবন্ধিক ও সাংবাদিক।