প্রবল বৃষ্টির কারণে পাহাড় ধ্বসে বান্দরবান জেলার লামা উপজেলাধীন আজিজনগর ইউনিয়নে দুই পরিবারের শিশু সহ মোট পাঁচ জন নিহত হয়।
গত ০৫/০৭/২০২৬ ইং রোজ রবিবার সকাল থেকে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান জেলা ও পার্শ্ববর্তী এলাকায় শুরু হয় একটানা প্রবল বৃষ্টি। লাগাতার বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে বিভিন্ন জায়গায় পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। পাহাড়ি নদী, ঝর্ণা, উপত্যকা প্লাবিত হয়। সাথে সাথে চট্টগ্রাম কক্সবাজার জেলার নিম্ন অঞ্চল গুলো পানির নিচে তলিয়ে যায়।
এরই ধারাবাহিকতায় গত ০৯/০৭/২০২৬ইং রোজ বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক (০২-০৪)টার মধ্যে বান্দরবান জেলার লামা উপজেলাধীন আজিজ নগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মিশন পাড়া পাগলির ঝিরি এলাকায় ব্যাপক পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। সে সময় দুইটি পরিবারের বসত ঘরের উপর পাহাড় ধ্বসে পড়লে দুই পরিবারের স্বামী, স্ত্রী, শিশুসহ সর্বমোট পাঁচজন মাটিচাপা পড়ে মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তিদের নাম ১/ মোঃ ইউনুছ (২৭) পিতা – মৃত আদম আলী, ২/রানু বেগম (২০) পিতা – আয়েছ আলী,৩/মোঃ সোলায়মান (৪) পিতা – মোঃ ইউনুছ এবং অন্য পরিবারের ৪/মোঃ জুয়েল (৩৫) পিতা -অজ্ঞাত, ৫/কুলসুমা বেগম(২৩) পিতা -মতিউর রহমান।
গভীর রাত, প্রচুর বৃষ্টি এবং দুর্গম এলাকা হওয়ায় পরদিন ১০/০৭/২৯২৬ইং রোজ শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন, জনপ্রতিনিধি, পুলিশ সহ নিহতদের উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষ করে দাফন করা হয়।
একই দিনে আজিজ নগর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার রেহেনা আক্তারের ঘরের উপরে পাহাড় ধ্বসে পড়লে তিনি গুরুতর আহত হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল ১১/০৭/২০২৬ইং বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য সচিং প্রু জেরি ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি দুইটি পরিবারকে ৫০ হাজার টাকা করে এবং আহত মেম্বার রেহেনা বেগমের চিকিৎসার জন্য ১০হাজার টাকা সহ সর্বমোট এক লক্ষ দশ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করেন।
অদ্য ১৩/০৭/২০২৬ইং রোজ সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান ও বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আব্দুচ ছালাম ঘটনা স্থল পরিদর্শন করে মৃতদের কবর জিয়ারত করেন। প্রত্যেক পরিবারকে এক লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা এবং আহত মহিলা মেম্বার রেহানা আক্তারের চিকিৎসার জন্য দশ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করেন।
আজিজ নগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ফরিদুল আলম বলেন- ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে আরও ৪০ হাজার টাকা সহ সর্বমোট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। এছাড়াও ১৯ টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। সর্বক্ষেত্রেই আজিজ নগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন মহরম স্বশরীরে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের বিভিন্ন সাহায্য পেতে সার্বিক সহযোগিতা করেছেন।
আজিজ নগর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত সাধারণ জনগণ ও সচেতন মহলের কাছে জানতে চাইলে তারা বলেন- আমাদের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যৎ সামান্য যে সহায়তাগুলো প্রদান করা হচ্ছে তা একেবারেই অপ্রতুল। অত্র ইউনিয়নে ক্ষতিগ্রস্ত সাধারণ জনগণের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ ও আর্থিক সহায়তার জন্য তারা সরকারের কাছে জোর দাবি জানান।







