বগুড়ার গাবতলী উপজেলার রহিমারপাড়া গ্রাম এলাকায় এক যুবদল নেতা পরিবারকে আওয়ামী লীগের কর্মী হিসেবে সোশ্যাল মিডিয়াতে প্রচার করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টার অভিযোগ উঠেছে নেপালতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম শাফি( অরফে) বাবলু বেপারির বিরুদ্ধে। অভিযোগের বিষয়ে যুবদল নেতা সাগর বলেন, “আমার পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিএনপি করার কারণে গত ১৭ বছরে আমরা নানা ধরনের নির্যাতন ও হয়রানির শিকার হয়েছি। অথচ এখন ব্যক্তি স্বার্থে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে প্রচার করছে ঔ সভাপতি বাবলু। তিনি আরও দাবি করেন, তার পরিবারকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। সরেজমিনে দেখা গেছে,এ বিষয়ে নেপালতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বলেন, সাগর ২০১৬ সাল থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। দলের বিভিন্ন কার্যক্রমে তাকে নিয়মিত দেখা গেছে। তাকে আওয়ামী লীগের কর্মী হিসেবে প্রচার করা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
স্থানীয় একাধিক বাসিন্দাও দাবি করেন, সাগরের পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাদের মতে, ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তবে উল্লেখিত বিষয়ে ঘটনা জানতে চাইলে গোলাম শাফি বাবলু বেপারি সঠিক কোন তথ্য দিতে পারেনি।ঘটনাটি এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয় নেতাকর্মীরা বিষয়টি তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানিয়েছেন।







