চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৫ নম্বর বাড়বকুণ্ড ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারালকান্দি এলাকায় প্রতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা যেন নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় সড়ক, বসতবাড়ি ও আশপাশের এলাকা। এতে হাজারেরও বেশি পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এ জলাবদ্ধতার অন্যতম কারণ পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অপরিকল্পিতভাবে রাসায়নিক মিশ্রিত বর্জ্য পানি নিষ্কাশন। তাদের দাবি, কারখানাটি দীর্ঘদিন ধরে একটি সরু খালের মাধ্যমে রাসায়নিকযুক্ত বর্জ্য চারালকান্দি সড়কের পাশের ড্রেনে ফেলছে। ফলে বর্জ্য, পলি, ময়লা-আবর্জনা ও পলিথিন জমে ড্রেনটি প্রায় ভরাট হয়ে গেছে এবং স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।
এলাকাবাসীর ভাষ্য, জলাবদ্ধতার সঙ্গে মিশে থাকা ওই রাসায়নিকযুক্ত পানি বাড়িঘর, পুকুর ও কৃষিজমিতে ছড়িয়ে পড়ছে। এতে পুকুরের মাছ মারা যাচ্ছে, কৃষিজমির উর্বরতা কমে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি শিশু, নারী ও বয়স্কদের মধ্যে চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে বলেও অভিযোগ করেন তারা।
বর্ষা মৌসুমে চারালকান্দির জনজীবন কার্যত অচল হয়ে পড়ে। অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া, প্রসূতি মাকে চিকিৎসাকেন্দ্রে পৌঁছে দেওয়া কিংবা কোনো মৃত ব্যক্তির মরদেহ বাড়ি থেকে বের করাও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। জলাবদ্ধতার কারণে স্কুলগামী শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে যেতেও চরম ভোগান্তি পোহাতে হয়।
স্থানীয়দের অভিযোগ, বিষয়টি একাধিকবার পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। যদি এলাকাবাসী লিখিত আবেদন করেন, তাহলে আমরা সরেজমিনে তদন্ত করব। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে চারালকান্দিবাসী দ্রুত ড্রেন ও খাল সংস্কার, শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং জলাবদ্ধতার স্থায়ী সমাধানে পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হলে প্রতি বর্ষায় হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।







